
পাণ্ডবেশ্বর, নিজস্ব সংবাদদাতা: গভীর রাতে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের টুমনী জঙ্গল এলাকায় একদল ব্যক্তির জমায়েত ঘিরে চাঞ্চল্য ছড়াল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ মোট ১০ জনকে গ্রেফতার করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে টুমনী জঙ্গল এলাকায় কয়েকজনের জমায়েতের খবর পায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। খবর পেয়েই থানার এসআই দেবাশিস মুখার্জির নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।
সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলার সময় তাঁদের বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে পুলিশ সূত্রে খবর। এরপর সন্দেহের ভিত্তিতে তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে একটি আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন এবং বেসবল ব্যাট উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
রাতেই মোট ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ছয়জন পাণ্ডবেশ্বরের ডিভিসি বাঙ্গালপাড়ার বাসিন্দা। তাঁরা হলেন বিনোদ বেদ, সুন্দর যাদব, শেখ ফারহান, তাপস বেদ, পবন চৌহান ও কবিরাজ বেদ। এছাড়া ঝাড়খণ্ডের মেহিজাম-জামতারা এলাকার বাসিন্দা সন্তোষ পাসি, দেব কুমার ও মানা পাসি এবং জামুড়িয়ার হোসেন নগরের বাসিন্দা সাদ্দাম খানকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সামগ্রী কোথা থেকে এল, গভীর রাতে জঙ্গল এলাকায় ওই জমায়েতের উদ্দেশ্য কী ছিল এবং এর পিছনে কোনও অপরাধমূলক পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।












Leave a Reply