কয়েকশো মিটার টোটোকে টেনে নিয়ে গেল সবজি বোঝাই গাড়ি! খঞ্চিতে জগদ্ধাত্রী পুজোর মেলার মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১, আহত একাধিক।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের খঞ্চিতে জগদ্ধাত্রী পুজোর মেলা চলাকালীন ভয়াবহ পথ দুর্ঘটনা। বুধবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ ১১৬ নম্বর হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের খঞ্চি সিগন্যাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নন্দকুমারের দিক থেকে মেচেদার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল একটি সবজি বোঝাই গাড়ি। সেই সময় খঞ্চি সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি টোটোর উপর উঠে যায় গাড়িটি। ধাক্কার পর টোটোটিকে প্রায় ২০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় সবজি বোঝাই গাড়িটি।
এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালকের। পাশাপাশি আহত হয়েছেন একাধিক ব্যক্তি। আহতদের দ্রুত উদ্ধার করে তমলুক গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে খঞ্চিতে জগদ্ধাত্রী পুজোর মেলা চলছে। মেলাকে কেন্দ্র করে এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়েছে। তারই মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা খঞ্চি এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *