
কলকাতা, নিজস্ব সংবাদদাতা: লেকটাউনের বি ব্লকে দাঁড়িয়ে থাকা দুটি চারচাকা গাড়ির উপর ভেঙে পড়ল একটি পুরনো গাছ। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও স্থানীয় পুরকর্মীরা। তাঁদের উদ্যোগে গাছটি সরানোর কাজ শুরু হয় এবং পরে গাছটি সরিয়ে ফেলা হয়।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, গাছটি আগে থেকেই কিছুটা হেলে ছিল। গত কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় গাছটির শিকড়ের মাটি আলগা হয়ে যায়। এরপরই গাছটি ভেঙে দুটি গাড়ির উপর পড়ে।
দুর্ঘটনায় দুটি গাড়ির ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। বর্ষার সময় পুরনো ও হেলে পড়া গাছগুলির নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।












Leave a Reply