সাতসকালে লেকটাউনে ইডির হানা, ভিআইপি রোডের বহুতলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: সাতসকালে ফের শহরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান। শুক্রবার সকাল থেকেই লেকটাউন থানা এলাকার ভিআইপি রোডের একটি অভিজাত বহুতলে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গৌরব লক্ষতিয়ার ফ্ল্যাটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল প্রায় ৬টা নাগাদ বৃষ্টির মধ্যেই ভিআইপি রোডের ধারে অবস্থিত ‘এলকোভ গ্লোরিয়া’ নামে একটি বহুতলে পৌঁছন ইডি আধিকারিকরা। বহুতলটির নবম তলায় রয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট গৌরব লক্ষতিয়ার ফ্ল্যাট। অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আবাসনের মূল প্রবেশদ্বার এবং সংশ্লিষ্ট তলায় নিরাপত্তার ব্যবস্থা করেন।

সকাল থেকে শুরু হওয়া এই তল্লাশি অভিযানে ফ্ল্যাটের বিভিন্ন নথিপত্র, ফাইল এবং ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। পাশাপাশি, আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে গৌরব লক্ষতিয়ার সঙ্গে আধিকারিকরা কথা বলছেন বলেও জানা গিয়েছে।

তবে ঠিক কোন আর্থিক অনিয়ম বা মামলার তদন্তে এই অভিযান চালানো হচ্ছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইডি। কোনও বড় আর্থিক লেনদেন বা তছরুপের যোগসূত্র খতিয়ে দেখতেই এই তল্লাশি কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

সকাল থেকে চলা এই অভিযানকে কেন্দ্র করে লেকটাউনের অভিজাত আবাসন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *