দিনহাটার প্রত্যন্ত গ্রামে চলছে ক্যানেল খননের কাজ, মজুরি নিয়ে অসন্তোষ শ্রমিকদের।

মনিরুল হক, কোচবিহারঃ কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পের অন্তর্গত গিতালদহ ২ গ্রাম পঞ্চায়েতের পরমানন্দ গ্রামে শুরু হয়েছে ক্যানেল খনন প্রকল্প। পরমানন্দ গ্রাম সহ পাশাপাশি আরও দুই তিনটি গ্রামের বর্ষার জল নিকাশি ব্যাবস্থা না থাকায় দীর্ঘদিনের দুর্ভোগ ছিল স্থানীয়দের। তারই ধারাবাহিকতায় গ্রাম পঞ্চায়েতের নির্দেশে শুরু হয় খনন প্রক্রিয়া। ১ কিলোমিটার লম্বা এই ক্যানেল খনন সম্পূর্ন হলে একদিকে যেমন বন্যার হাত থেকে রক্ষা পাবে কয়েকটি গ্রাম তেমনি জীবনযাত্রার মান হবে স্বাভাবিক।
তবে ক্যানেল খনন কাজে যুক্ত শ্রমিকরা এদিন তাদের দৈনিক প্রাপ্য মজুরি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ও বিক্ষোভ দেখান। তাদের দাবি সরকারের নিয়ম অনুযায়ী তাদের বিকাল পর্যন্ত কাজ করতে হয়, কিন্তু প্রাপ্য মজুরির পরিমাণ মাত্র ২১৩ টাকা। বিপুল খাটুনির পর এই সামান্য টাকায় তাদের পক্ষে কাজ করা দুর্বিসহ হয়ে উঠছে। তারা আরো জানান, জিনিসপত্রের যা আকাশছোঁয়া দাম তাতে তারা এই সামান্য টাকায় পেরে উঠতে পারছে না। এমনকি কেন্দ্রীয় সরকার যদি দ্রুত মজুরির পরিমাণ না বাড়ান তাহলে তারা এই কাজ আর করবে না বলেও জানিয়ে দেন।
এদিকে পরমানন্দ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা ও বর্তমানে গিতালদহ ২ গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিভাবক অভিজিৎ রায় এদিন ক্যানেল খনন কাজ পরিদর্শন করার পাশাপাশি শ্রমিকদের আশ্বস্ত করেন। তিনি জানান, এই ক্যানেল খনন হলে ৩ টি গ্রামের কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। গ্রামবাসী রক্ষা পাবে বন্যার হাত থেকে। এই পাশাপশি শ্রমিকদের বিক্ষোভের প্রসঙ্গে তিনি জানান, এটি যেহেতু কেন্দ্র সরকারের প্রকল্প তাই তাদের বা রাজ্য সরকারের এখানে কোনো হাত নেই। তবে তিনি শ্রমিকদের আশ্বস্ত করেন যথা সম্ভব চেষ্টা সহযোগে তিনি তাদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *