
জঙ্গিপুর, নিজস্ব সংবাদদাতা: অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন জঙ্গিপুরের একদল সমাজসেবী। কেরলের ত্রিশূর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাস পর মৃত্যু হয় জঙ্গিপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার। কিন্তু আর্থিক অনটনের কারণে কেরল থেকে মৃত ব্যক্তির দেহ বাড়িতে ফিরিয়ে আনার সামর্থ্য ছিল না পরিবারের।
এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা জঙ্গিপুরের বিশিষ্ট সমাজসেবক একলাল খানের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়েই একলাল খান ও তাঁর সহযোগী টুটুল শেখ, বান্টি শেখ, হিরু শেখ এবং সাজাহান শেখ মৃত ব্যক্তির দেহ বাড়িতে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য তাঁরা সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানান এবং পথে নেমে আর্থিক সহযোগিতা সংগ্রহ করেন।
সমাজসেবীদের এই উদ্যোগে বিভিন্ন মানুষের সহযোগিতায় প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হয়। প্রায় এক সপ্তাহের প্রচেষ্টার পর অবশেষে কেরল থেকে মৃত ব্যক্তির দেহ জঙ্গিপুরে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়। পাশাপাশি মৃত ব্যক্তির দুই সন্তানের জন্য ৩৯ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরিবারের আত্মীয় ও গ্রামের প্রতিনিধিদের উপস্থিতিতে এই অর্থ প্রদান করা হয় বলে জানান সমাজসেবীরা।
একলাল খান জানান, মৃত ব্যক্তির দেহ কেরল থেকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য সাংসদ খলিলুর রহমান ২৮ হাজার টাকা আর্থিক সাহায্য করেছেন। বাকি সমস্ত খরচ তাঁদের দল বহন করেছে। যাঁরা এই কাজে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
একলাল খান ও তাঁর সহযোগীদের বক্তব্য, তাঁদের কাছে জাতি-ধর্মের কোনও ভেদাভেদ নেই। মানবসেবাই তাঁদের কাছে সবচেয়ে বড় ধর্ম। কোনও অসহায় মানুষ বিপদে পড়লে খবর পেলেই তাঁরা সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।
এই উদ্যোগে বিপদের দিনে পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিকতা ও সম্প্রীতির বার্তাও ছড়িয়ে দিলেন জঙ্গিপুরের এই সমাজসেবীরা।












Leave a Reply