বিশ্ব পরিবেশ দিবসে নাগরিক কনভেনশন।।।

শিবপ্রসাদ মণ্ডল, পুরুলিয়া:-  আজ বিজ্ঞান সংগঠন ব্রেকথ্রু সাইন্স সোসাইটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে পুরুলিয়া জেলার প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশ দূষণ রোধে অনুষ্ঠিত হলো পুরুলিয়া শহরের জেলা বিজ্ঞান কেন্দ্রে একটি নাগরিক কনভেনশন। এই কনভেনশনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দেড়শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। জেলার বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক সম্পদ রক্ষার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত ভাবে যে কমিটি গুলো গড়ে উঠেছে তাদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা খরা প্রতিরোধ কমিটি, স্পঞ্জ আয়রন দূষণ বিরোধী কমিটি, সাহেব বাঁধ বাঁচাও কমিটি, জন অধিকার সুরক্ষা কমিটি, অযোধ্যা পাহাড় বাঁচাও কমিটি, পাহাড় বাঁচাও আন্দোলন কমিটি, পাথর খাদান দূষণ বিরোধী কমিটি, পুকুর ভরাট বিরোধী আন্দোলন কমিটির নেতৃত্ব। এই কনভেনশনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুরুলিয়া সিধো-কানহো-বিরষা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ডঃ সুবল চন্দ্র দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজ্ঞান আধিকারিক শ্রীধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভূতত্ত্ব বিজ্ঞানী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভূতত্ত্ব বিভাগীয় প্রধান ও ব্রেকথ্রু সাইন্স সোসাইটির সর্বভারতীয় কমিটির সভাপতি অধ্যাপক ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়।
এছাড়াও বিভিন্ন দূষণ শরীরের উপর কি সমস্যা সৃষ্টি করতে পারে তা নিয়ে বক্তব্য রাখেন পুরুলিয়া সদর হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডা. সোমনাথ ভট্টাচার্য।
ব্রেকথ্রু সাইন্স সোসাইটির পুরুলিয়া জেলা কমিটির সভাপতি তথা প্রধান শিক্ষক প্রহ্লাদ মাহাত জানান আজকের কনভেনশন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কনভেনশন এর মধ্য দিয়ে আগামী দিনে পুরুলিয়া জেলা জুড়ে পুরুলিয়া জেলার প্রাকৃতিক সম্পদ রক্ষা ও দূষণের বিরুদ্ধে এক শক্তিশালী বিজ্ঞান আন্দোলন গড়ে উঠবে আজ তার সূচনা হল। এই কনভেনশনে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *