
মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে খুনi হয়েছিলেন বিজেপি কর্মী ধনঞ্জয় সরকার। ঘটনার পর কেটে গিয়েছে প্রায় চার বছর। কিন্তু এখনও বিচার পাননি বলে অভিযোগ মৃতের পরিবারের। আজও আতঙ্ক ও যন্ত্রণার স্মৃতি বুকে নিয়ে দিন কাটাচ্ছে পরিবারটি। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে সুবিচারের আশায় বুক বাঁধছেন তাঁরা।
ঘটনাটি ২০২২ সালের ২৭ অক্টোবরের। মালদহের গাজোল ব্লকের বৈরগাছি-২ গ্রাম পঞ্চায়েতের খোসলাবাড়ি এলাকার বাসিন্দা বিজেপি কর্মী ধনঞ্জয় সরকারের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি আমবাগান থেকে। পরিবারের অভিযোগ, তৎকালীন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুকুর খননের নামে আর্থিক দুর্নীতি ও টাকা আত্মসাতের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন ধনঞ্জয় সরকার। আর সেই প্রতিবাদের জেরেই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।
মৃতের পরিবারের দাবি, ঘটনার পর তদন্ত শুরু হলেও পরবর্তীতে তদন্তের আর কোনও অগ্রগতি হয়নি। দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও তাঁরা বিচার পাননি। অন্যদিকে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে দাবি পরিবারের। তৃণমূলের শাসনকালে বিজেপি করার কারণেই ধনঞ্জয় সরকারকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছিল বলেও অভিযোগ তাঁদের।
আজও স্বামীর মৃত্যুর সেই ভয়াবহ স্মৃতি ভুলতে পারেননি ধনঞ্জয় সরকারের স্ত্রী লতিকা সরকার। এতদিনেও বিচার মেলেনি। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তাঁর আবেদন, ঘটনার পুনরায় তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা হোক এবং তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
অন্যদিকে, ধনঞ্জয় সরকারের ছেলে পরিতোষ সরকার জানান, চার বছর পেরিয়ে গেলেও তাঁরা বাবার হত্যার বিচার পাননি। প্রথমদিকে তদন্ত হলেও পরবর্তীতে সেই তদন্ত কার্যত থমকে যায়। তবে বর্তমান মুখ্যমন্ত্রী তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণাও করেছেন। মুখ্যমন্ত্রীর এই আশ্বাসে তাঁরা খুশি। কিন্তু আর্থিক সাহায্য বা চাকরির পাশাপাশি বাবার হত্যাকারীদের শাস্তি এবং সঠিক বিচার পাওয়াই তাঁদের প্রধান দাবি। মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের পাশে থাকার আবেদন জানিয়েছেন তিনি।
।
এখন পরিবারের একটাই দাবি—চাকরির আশ্বাসের পাশাপাশি দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটুক। ধনঞ্জয় সরকার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হোক, প্রকৃত অপরাধীরা শাস্তি পাক এবং অবশেষে সুবিচার ফিরে পাক অসহায় পরিবারটি।












Leave a Reply