৮ই মে পরিতোষ কুমার দে’র স্মরণে বালুরঘাটে মাল্যদান-স্মরণসভা ও মোমবাতি মিছিল, প্রস্তুতি জোরকদমে।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- ২০১১ সালের ৮ মে দুষ্কৃতীদের হামলায় নিহত মৎস্য আড়ৎদার ব্যবসায়ী ও সমাজসেবী ভূমিপুত্র পরিতোষ কুমার দে’র ১৪তম প্রয়াণ দিবস পালনে তৎপর বালুরঘাট মৎস্য আড়ৎদার সমিতি। আগামী ৮ মে, শুক্রবার সকালে মাল্যদান-স্মরণসভা এবং সন্ধ্যায় মোমবাতি মিছিলের আয়োজনের প্রস্তুতি চলছে জোরকদমে।

সমিতির সম্পাদক নীহার রঞ্জন ঘোষ জানান, শুক্রবার সকালে বালুরঘাট মাছ বাজারে প্রয়াত পরিতোষ দে’র আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন পর্ব শুরু হবে। এরপর সেখানেই অনুষ্ঠিত হবে স্মরণসভা। এদিন সন্ধ্যায় বালুরঘাট মৎস্য আড়ৎদার সমিতির কার্যালয় থেকে পরিতোষ কুমার দে’র স্মরণে মোমবাতি মিছিল বের হবে। মিছিলটি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করবে।

তিনি বলেন, “২০১১ সালের ৮ মে দুষ্কৃতীদের আক্রমণে আমরা আমাদের অভিভাবক পরিতোষ দা’কে হারাই। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর সকালের শ্রদ্ধাজ্ঞাপন ও রক্তদানের পাশাপাশি সন্ধ্যায় মোমবাতি মিছিলের আয়োজন করি আমরা।”

সমিতির পক্ষ থেকে শহরের সর্বস্তরের নাগরিক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের সকালের শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান এবং সন্ধ্যার মোমবাতি মিছিলে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *