ডিগ্রি সার্টিফিকেট নিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপচে পড়া ভিড়, এবার অনলাইন আবেদনেই জোর।

মালদা, নিজস্ব সংবাদদাতা: ডিগ্রি ও প্রভিশনাল সার্টিফিকেট সংগ্রহ করতে শুক্রবার সকাল থেকেই মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জেলার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোতায়েন করা হয় পুলিশ। এই পরিস্থিতিতে ভবিষ্যতে সার্টিফিকেটের জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন করার পরামর্শ দিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশীষ ভট্টাচার্য।
জানা গিয়েছে, দীর্ঘ প্রায় নয় বছর ধরে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান না হওয়ায় লক্ষাধিক পড়ুয়া এখনও তাঁদের ডিগ্রি সার্টিফিকেট হাতে পাননি। বর্তমানে রাজ্য সরকারের ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের সুবিধা এবং বিভিন্ন চাকরির আবেদনের জন্য প্রভিশনাল সার্টিফিকেটের প্রয়োজন হওয়ায় গত কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে ভিড় বাড়ছে।
শুক্রবারও উত্তরবঙ্গের তিন জেলার অন্তর্গত প্রায় ২৫টি কলেজের অসংখ্য প্রাক্তনী বিশ্ববিদ্যালয়ে এসে প্রভিশনাল সার্টিফিকেটের আবেদন জমা দিতে ভিড় করেন। আবেদনপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হুড়োহুড়ির পরিস্থিতিও তৈরি হয়।
এই পরিস্থিতিতে উপাচার্য আশীষ ভট্টাচার্য প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্দেশে জানান, যাঁরা ইতিমধ্যেই সার্টিফিকেটের ফি জমা দেওয়ার জন্য চালান কেটেছেন, শুধুমাত্র তাঁদের আবেদনই অফলাইনে গ্রহণ করা হবে। নতুন করে আর কোনো অফলাইন আবেদন বা চালান গ্রহণ করা হবে না। এখন থেকে সমস্ত প্রভিশনাল সার্টিফিকেটের আবেদন শুধুমাত্র অনলাইন পদ্ধতিতেই করতে হবে।
উপাচার্য আরও আশ্বাস দেন, যাঁদের চাকরির জন্য জরুরি ভিত্তিতে সার্টিফিকেট প্রয়োজন, তাঁদের বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে। পাশাপাশি তিনি জানান, সার্টিফিকেটের জন্য ছাত্রপিছু ৫০০ টাকা ফি নেওয়া হলেও তা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি নয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, অনলাইন আবেদন ব্যবস্থা চালু হলে ভিড় অনেকটাই কমবে এবং ছাত্র-ছাত্রীদের হয়রানিও হ্রাস পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *