পথ নিরাপত্তা সপ্তাহে সচেতনতার বার্তা : ভরতপুরে পুলিশ ও পড়ুয়াদের যৌথ বর্ণাঢ্য র‍্যালি।

ভরতপুর, নিজস্ব সংবাদদাতা:- সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং পথ সুরক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভরতপুরে অনুষ্ঠিত হলো এক সুসজ্জিত সচেতনতা র‍্যালি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর ও ভরতপুর থানার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ভরতপুর থানার ওসি বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে পুলিশ কর্মী ও আধিকারিকদের পাশাপাশি এই উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে পা মেলান ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয় ও ভরতপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা। ​উপস্থিত সকলের হাতেই ছিল ট্রাফিক সচেতনতামূলক বিভিন্ন প্লাকার্ড। আজ নিরাপদ, আগামী নিরাপদ, সর্বদা নিরাপদ কিংবা হেলমেট পরা ও গতি নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বার্তা সংবলিত এই প্লাকার্ডগুলির মাধ্যমে পথচারী ও চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার বিশেষ আহ্বান জানানো হয়। র‍্যালিটি ভরতপুর থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কান্দি-সালার রাজ্য সড়ক এবং ডাঙ্গাপাড়া পেট্রোল পাম্প সহ এলাকার মূল সড়কগুলি পরিক্রমা করে। পুলিশ আধিকারিকরা জানান, সামান্য অসাবধানতাই ডেকে আনতে পারে বড় বিপদ। তাই হেলমেট ব্যবহার, সিটবেল্ট বাঁধা এবং নির্দিষ্ট গতিসীমা মেনে গাড়ি চালানো প্রত্যেকের নাগরিক দায়িত্ব। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই সচেতনতা র‍্যালি এলাকায় বিশেষ নজর কাড়ে। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুর থানার ওসি বিশ্বজিৎ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *