পথ নিরাপত্তা সপ্তাহে অভিনব উদ্যোগ,মহিলাদের একদিনের ফুটবল টুর্নামেন্ট ‘পথ নিরাপত্তা কাপ ২৬’।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা :- পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।‘রোড সেফটি উইক ২০২৬’ উপলক্ষে এবার অভিনব উদ্যোগ হিসেবে আয়োজন করা হল মহিলাদের একদিনের ফুটবল টুর্নামেন্ট ‘পথ নিরাপত্তা কাপ ২৬’।শনিবার চাঁদমণি ট্রাইবাল স্পোর্টিং ক্লাব ফুটবল গ্রাউন্ডে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।অনুষ্ঠানের আয়োজক বালাসন সাব-ট্রাফিক গার্ড।খেলাধুলাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে হেলমেট ব্যবহার,সিটবেল্ট পরা,পথচারীদের প্রতি সম্মান সহ নিরাপদে চলাচলের বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয়।‘নিরাপদ রাস্তা, নিরাপদ পথচারী’এই বার্তাকে সামনে রেখেই আয়োজন করা হয় এই বিশেষ কর্মসূচির।গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে ৩রা আগস্ট থেকে ৯ই আগস্ট ২০২৬ পর্যন্ত ‘রোড সেফটি উইক’ পালন করা হচ্ছে।সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে পথ দুর্ঘটনা কমানো ও নিরাপদ যাতায়াতের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ,এডিসিপি (ট্রাফিক) পূর্ণিমা শেরপা,এসিপি (ট্রাফিক) ত্রিদীপ সরকার,এসিপি (ওয়েস্ট) অনির্বাণ মজুমদার, সমাজসেবী শফিকুল আলম-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।বালাসন ট্রাফিক গার্ডের ওসি গোবিন্দ রায়ের নেতৃত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে বালাসন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।এরপর জাতীয় সংগীত পরিবেশন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।পরে অতিথিরা মহিলা ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাঁদের উৎসাহিত করেন।এরপর ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ ফুটবলে শট মেরে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।পথ নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তাকে খেলাধুলার সঙ্গে যুক্ত করে পুলিশের এই উদ্যোগ উপস্থিত মানুষের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *