প্রথমবার বিদ্যুতের আলো জ্বললো ঘরে, খুশি পরিবারের সদস্যরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- সবাই বলে ভারত তথা বিশ্ব কোথায় পৌছে গেছে। আগামী দিনে আবার কোথায় যে যাবে কে জানে? তবে সর্বত্র যে উন্নয়ন আর উন্নতির ছোঁয়া পৌঁছাতে পারেনি তা বলাই যায়। কেননা অবশেষে প্রথমবার বিদ্যুতের আলো জ্বললো ঘরে। আর বিদ্যুতের আলো পেয়ে খুশি পরিবারের সদস্যরা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ গ্ৰাম পঞ্চায়েতের ঝাড় মাগুরমারি এলাকার ৬ টি পরিবারের ঘরে এদিন সন্ধ্যায় জ্বললো প্রথমবারের জন্য বিদ্যুতের আলো। বলতে গেলে যেন এই সময়টার অপেক্ষায় ছিলেন ছয়টি পরিবারের শিশু থেকে বৃদ্ধ সব সদস্যরা। কখন তারা বিদ্যুতের আলো পাবেন।আর এদিন সন্ধ্যায় যেন সেই ছয়টি বাড়িতে অকাল দীপাবলি উৎসব। স্বাভাবিকভাবেই বিদ্যুতের আলো পেয়ে খুশি পরিবারের সদস্যরা। ছয়টি পরিবারের বয়স্ক সদস্যরা ভেবেছিলেন হয়তো তাদের জীবদ্দশায় আর ঘরে বিদ্যুতের আলো দেখে যেতে পারবেন না। পরিবারের সদস্যদের দাবি, বিভিন্ন রাজনৈতিক এবং অন্যান্য কারণে এতদিন তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছায়নি। তবে অবশেষে রাজ্যে পালাবদলের পর তারা বিদ্যুতের সুবিধা পেলেন। যে এলাকা সন্ধ্যার পর অন্ধকারে ডুবে থাকতো সেখানে এখন আলো জ্বলেছে। এখন থেকে ছয়টি পরিবারের ছাত্র- ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হলো। আর এই বিদ্যুৎ ছয়টি পরিবারের কাছে পৌছাতে যিনি সবথেকে বেশি ভূমিকা পালন করেছেন তিনি হলেন এলাকার বিজেপির বুথ সভাপতি লিটন ঘোষ। গত প্রায় ছয় বছর ধরে তিনি চেষ্টা চালিয়েছেন। অবশেষে তার চেষ্টা সফল হলো। তবে বিদ্যুৎ পৌঁছালেও ছয়টি পরিবারের সাথে যোগাযোগের জন্য রাস্তা নেই। স্থানীয় বিজেপি নেতৃত্ব আশাবাদী, যেভাবে তারা এতদিন পর বিদ্যুৎ পৌছে দিয়েছেন। আগামী দিনে যোগাযোগের জন্য রাস্তার ব্যবস্থাও করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *