
ভূমিকা :- ভারতের ইতিহাসে যেসব নারী তাঁদের প্রজ্ঞা, সাহস, ন্যায়পরায়ণতা ও জনকল্যাণমূলক কাজের জন্য চিরস্মরণীয় হয়ে রয়েছেন, তাঁদের মধ্যে মহারাণী অহল্যাবাঈ হোলকার অন্যতম । পুরো নামঃ অহল্যাবাঈ সাহিবা হোলকার । তিনি ছিলেন আঠারো শতকের মালওয়া অঞ্চলের একজন আদর্শ শাসক । ব্যক্তিগত জীবনে একের পর এক দুঃখ ও বিপর্যয়ের সম্মুখীন হয়েও তিনি ভেঙে পড়েননি । অসাধারণ দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি তাঁর রাজ্যকে সুসংগঠিত ও সমৃদ্ধ করেছিলেন । ধর্মীয় স্থাপত্য, জনকল্যাণ এবং প্রজাদের প্রতি মমত্ববোধের জন্যও তিনি আজও বিশেষভাবে স্মরণীয় । বলতে গেলে, তিনি ছিলেন একজন মহান এবং অগ্রণী মন্দির নির্মাতা । সারা ভারতে শত শত মন্দির ও ধর্মশালা তিনি নির্মাণ করেছিলেন ।
জন্ম ও শৈশব :
অহল্যাবাঈ ১৭২৫ সালের ৩১ মে মহারাষ্ট্রের আহমেদনগরের জামখেদ অঞ্চলের চৌন্ডী গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম – মানকোজি রাও শিন্দে । সেই সময় সমাজে মেয়েদের শিক্ষার সুযোগ খুব কম ছিল । বলা চলে, মহিলারা বিদ্যালয়ে যেতেন না । কিন্তু তাঁর বাবা গৃহশিক্ষক রেখে তাঁকে বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান লাভের নিমিত্তে পড়তে ও লিখতে শিখিয়েছিলেন । ছোটবেলা থেকেই অহল্যাবাঈ ছিলেন শান্ত, ভক্তিপরায়ণ, বুদ্ধিমতী এবং কর্তব্যপরায়ণ ।
কথিত আছে, মারাঠা সেনাপতি মল্লার রাও হোলকর একবার পুণে যাওয়ার পথে চৌন্ডী গ্রামে থামেন । কিংবদন্তী অনুযায়ী আট বছর বয়সী অহল্যাবাঈকে গ্রামের মন্দিরের সেবায় নিযুক্ত দেখেন । মেয়েটির ধর্মপ্রাণ শ্রদ্ধা ও ভক্তি এবং চরিত্রের মহিমা অনুধাবন করে তাঁর পুত্র খান্দেরাওয়ের বধূ হিসাবে নিয়ে আসেন । তারপর ১৭৩৩ সালে তাঁর পুত্র খান্দেরাও হোলকরের সঙ্গে অহল্যাবাঈয়ের বিয়ে হয় ।
পারিবারিক জীবনে দুঃখ :
বিয়ের পর অহল্যাবাঈ, হোলকর পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন । তাঁর স্বামী খান্দেরাও ছিলেন যোদ্ধা । পরবর্তীকালে পুত্র মালেরাও এবং কন্যা মুক্তাবাঈ জন্মগ্রহণ করেন ।
কিন্তু অহল্যাবাঈয়ের সুখের সংসার দীর্ঘস্থায়ী হয়নি । ১৭৫৪ সালে কুমহেরের যুদ্ধে খান্দেরাও হোলকর কামানের গোলার আঘাতে নিহত হন । জানা যায় স্বামীর মৃত্যুর পর প্রচলিত প্রথা অনুযায়ী অহল্যাবাঈ সতী হতে চেয়েছিলেন । কিন্তু তাঁর শ্বশুর মল্লার রাও হোলকর তাঁকে সতী হওয়া থেকে বিরত করেন এবং রাজপরিবার ও প্রজাদের দায়িত্ব পালনের জন্য তাঁকে উৎসাহিত করেন ।
এরপরও তাঁর জীবনে দুঃখের অবসান হয়নি । মল্লার রাও হোলকর, ১৭৬৬ সালে অর্থাৎ তার ছেলে খান্দেরাও’এর মৃত্যুর ১২ বছর পর মারা যান । ১৭৬৬ সালে, মল্লার রাওয়ের পৌত্র এবং খান্দেরাওয়ের একমাত্র পুত্র মালেরাও হোলকর অহল্যাবাঈয়ের কর্তৃত্বাধীনে ইন্দোরের শাসক হন । কিন্তু তিনিও কয়েক মাসের মধ্যেই, ৫ই এপ্রিল ১৭৬৭ সালে মারা যান । তাঁর পুত্রের মৃত্যুর পর অহল্যাবাঈ ইন্দোরের শাসক হন ।
দক্ষ শাসক হিসেবে অহল্যাবাঈ :
অহল্যাবাঈ যখন মালওয়ার শাসনভার গ্রহণ করেন, তখন রাজ্যের সামনে ছিল বিভিন্ন রকমের নানান রাজনৈতিক ও সামরিক সমস্যা । কিন্তু তিনি সেই সময় অসাধারণ সাহস ও বিচক্ষণতার পরিচয় দেন । তিনি প্রশাসনকে সুসংগঠিত করেন এবং প্রজাদের নিরাপত্তা ও কল্যাণকে শাসনের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেন ।
তিনি ব্যক্তিগতভাবে যুদ্ধে সেনাবাহিনীকে নেতৃত্ব দিতে থাকেন । তিনি তাঁর বিশ্বস্ত তুকোজিরাও হোলকরকে সেনাপ্রধান নিযুক্ত করেছিলেন । দস্যু ও আক্রমণকারীদের দমন করে তিনি রাজ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করেন । তাঁর শাসনকালে বাণিজ্য ও কৃষিরও প্রভূত উন্নতি ঘটে ।
অহল্যাবাঈ রাজধানী মহেশ্বরে স্থানান্তর করেন । নর্মদা নদীর তীরে ইন্দোরের দক্ষিণে মহেশ্বর তাঁর শাসনকালে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয় । তিনি ন্যায়বিচারের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন এবং সাধারণ মানুষের অভিযোগও গুরুত্ব দিয়ে শুনতেন ।
জনকল্যাণমূলক কাজঃ
অহল্যাবাঈ শুধু একজন সফল শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন মহান জনহিতৈষী । প্রজাদের সুবিধার জন্য তিনি কূপ, ঘাট, রাস্তা, বিশ্রামাগার ও ধর্মশালা নির্মাণ ও সংস্কার করেছিলেন । পথিকদের জন্য বিভিন্ন স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন । কৃষি ও সেচব্যবস্থার উন্নতির প্রতি তাঁর গুরুত্ব ছিল অপরিসীম । তিনি মনে করতেন, একজন শাসকের প্রকৃত কর্তব্য হলো প্রজাদের সুখ ও নিরাপত্তা নিশ্চিত করা ।
মন্দির নির্মাণ ও ধর্মীয় কর্মকাণ্ডঃ
অহল্যাবাঈ হোলকরের নাম ভারতীয় ধর্মীয় স্থাপত্যের ইতিহাসেও বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তীর্থস্থানে মন্দির, ঘাট, ধর্মশালা, ইত্যাদি নির্মাণ এবং সংস্কার করিয়েছিলেন ।
মৃত্যুঃ
দীর্ঘ প্রায় তিন দশক দক্ষতার সঙ্গে রাজ্য শাসন করার পর ১৭৯৫ সালের ১৩ আগস্ট মহারাণী অহল্যাবাঈ মৃত্যুবরণ করেন । তাঁর মৃত্যুর মধ্য দিয়ে এক উজ্জ্বল শাসনপর্বের অবসান ঘটে । কিন্তু তাঁর কর্মকাণ্ডের জন্য তিনি আজও ভারতীয় ইতিহাসে অমর হয়ে রয়েছেন ।
উপসংহারঃ
মহারাণী অহল্যাবাঈ হোলকার ছিলেন শুধু মালওয়ার একজন রাণী নন । তিনি ছিলেন একজন আদর্শ শাসক, সাহসী নারী, সমাজসেবী এবং মহান জনহিতৈষী । ব্যক্তিগত জীবনের অসংখ্য শোক ও প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি যে দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনা করেছিলেন, তা ভারতীয় ইতিহাসে বিরল । প্রজাদের সুখ-সমৃদ্ধি, ন্যায়বিচার এবং জনকল্যাণকে তিনি তাঁর জীবনের প্রধান আদর্শ করেছিলেন । মন্দির, ঘাট, ধর্মশালা ও অন্যান্য, তাঁর জনকল্যাণমূলক কাজ আজও তাঁর স্মৃতি বহন করছে । তাই ভারতীয় ইতিহাসে অহল্যাবাঈ হোলকারের নাম চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে । এহেন ব্যক্তিত্বকে তাঁর প্রয়াণ দিবসে আমার শতকোটি প্রণাম ।











Leave a Reply