
মালদা, নিজস্ব সংবাদদাতা :- পারিবারিক বিবাদ। শ্যালককে খুনের হুমকি জামাইবাবুর। এরপর থেকেই নিখোঁজ ছিল শ্যালক এবং তার বন্ধু। শেষমেষ তিন দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে একটি জলাশয় থেকে উদ্ধার হল দুই বন্ধুর দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইংলিশ বাজার থানার কাজিগ্রাম এলাকায়। মৃত দুই যুবকের নাম ভাস্কর চৌধুরী (২৮) এবং অনুপ চৌধুরী (২৬)। ভাস্কর কাজিগ্রামের বাসিন্দা। অন্যদিকে অনুপের বাড়ি খাসকোলে।পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন দিন আগে দুই বন্ধু একসঙ্গে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। এরপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তাদের সন্ধান মেলেনি। অবশেষে শুক্রবার সকালে কাজিগ্রামের একটি জলাশয়ে দুই যুবকের দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে বহু মানুষ ভিড় জমান্। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বাইকও।তবে দুই যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। পরিবারের সদস্যদের দাবি, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের। তবে কীভাবে দুই বন্ধুর মৃত্যু হল, তারা কীভাবে জলাশয়ে পৌঁছলেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের দাবি অনুপের জামাইবাবু কয়েকদিন আগে তার শ্যালককে কোন একটি বিষয় নিয়ে খুনের হুমকি দিয়েছিল। তারপর এই ঘটনা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করা হচ্ছে।












Leave a Reply