
মালদা, নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ ২০২৬’। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মালদা জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি কালিয়াচক-৩ ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত হল বিশেষ প্রাণী স্বাস্থ্য ও সচেতনতা শিবির। কালিয়াচক-৩ ব্লক প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিবিরে এলাকার বহু গবাদি পশুপালক ও কৃষক অংশগ্রহণ করেন।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রান্তিক কৃষক ও পশুপালকদের সচেতন করার পাশাপাশি তাঁদের গবাদি পশু ও পাখির চিকিৎসা পরিষেবা নিশ্চিত করাই ছিল এই শিবিরের মূল লক্ষ্য। শিবিরে গবাদি পশুর বিভিন্ন রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, অসুস্থ পশুপাখির স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ ছাড়াও আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন এবং পশুজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির বিষয়ে কৃষকদের সচেতন করতে বিশেষ সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। পশুপালনের ক্ষেত্রে সরকারি বিভিন্ন প্রকল্প, আর্থিক সহায়তা এবং প্রশিক্ষণের সুযোগ-সুবিধা সম্পর্কেও উপস্থিতদের অবহিত করেন আধিকারিকরা।
শিবিরে উপস্থিত ছিলেন মালদা জেলার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টর ডঃ অমর চন্দ্র মাঝি, মালদা জেলার ডিভিও সুকান্ত সাহা, কালিয়াচক-৩ ব্লকের বিডিও বাপি হালদার, কালিয়াচক-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা সরকার, বিএলডিও দেবাশিস সাহা, ভিও গৌরব দত্ত-সহ প্রাণী স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপস্থিত আধিকারিকরা তাঁদের বক্তব্যে গ্রামীণ অর্থনীতিতে প্রাণিসম্পদ বিকাশের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুযোগ গ্রহণের জন্য কৃষক ও পশুপালকদের আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের শিবিরের মাধ্যমে কৃষ্ণপুর এলাকার পশুপালকেরা উপকৃত হয়েছেন। আগামী দিনেও এমন কর্মসূচি আয়োজনের প্রত্যাশা রয়েছে তাঁদের। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য উপস্থিত পশুপালক ও প্রাণীমিত্রদের পুরস্কৃত করা হয়।












Leave a Reply