
মালদা, নিজস্ব সংবাদদাতা : – এ যেন বাংলা সিনেমার গল্পকেও হার মানাবে! বন্দুক উঁচিয়ে ভিডিও কল করে খুনের হুমকি, তোলাবাজি থেকে জমি কেনাবেচা—সবেতেই নাকি চাই তাঁর অনুমতি! দাবি মতো টাকা না দিলেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি। আর এই আতঙ্কের জেরেই পরিবর্তনের সরকারেও কার্যত ঘরবন্দি থাকতে হচ্ছে লক্ষী কলোনী এবং সাহাপুরের মহিলাদের। অভিযোগ, পুরাতন মালদায় কার্যত ত্রাস হয়ে উঠেছেন আকাশ মণ্ডল। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, খুন-সহ প্রায় ৫০টি মামলা রয়েছে বলে দাবি অভিযোগকারীদের। অথচ এত অভিযোগের পরেও কীভাবে পুলিশের নাগালের বাইরে রয়েছেন তিনি, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
অভিযোগ, পুরাতন মালদা থানার সাহাপুর এলাকায় দীর্ঘদিন ধরেই নিজের দাপট বজায় রেখেছেন আকাশ মণ্ডল। এলাকায় কেউ বাড়ি তৈরি করতে গেলে, জমি কিনতে বা বিক্রি করতে গেলেও তাঁকে দিতে হয় মোটা অঙ্কের টাকা। টাকা দিতে অস্বীকার করলেই শুরু হয় হুমকি ও ভয় দেখানো। কখনও প্রকাশ্যে, কখনও আবার ভিডিও কল কিংবা এসএমএসের মাধ্যমে বন্দুক দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকী নিজের কাছে থাকা একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজের ছবি পাঠিয়েও আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে। সব মিলিয়ে এলাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সন্ধ্যার পর বাড়ির বাইরে বের হতেও সাহস পাচ্ছেন না মহিলারা। স্বাভাবিক জীবনযাপন কার্যত ব্যাহত।
এই পরিস্থিতিতে এবার আর চুপ করে না থেকে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন ব্যবসায়ী কমল ঘোষ। আকাশ মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে তাঁর দাবি, আকাশের আতঙ্কে দিন কাটাচ্ছেন পুরাতন মালদার সাধারণ মানুষ। তাঁর কাছেও মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করতেই ভিডিও কল ও এসএমএসের মাধ্যমে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয়। শুধু তিনি নন, গোটা এলাকাই আতঙ্কের মধ্যে রয়েছে বলে অভিযোগ তাঁর।
অন্যদিকে, সাহাপুর ও লক্ষ্মী কলোনি এলাকার মহিলারাও প্রকাশ্যে মুখ খুলেছেন। তাঁদের অভিযোগ, আকাশ মণ্ডলের ভয়ে সন্ধ্যার পর কার্যত ঘরবন্দি হয়ে থাকতে হয়। কখন কী বিপদ নেমে আসে, সেই আতঙ্কে দিন কাটছে। এলাকার মানুষের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্নও তুলেছেন তাঁরা। দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাসিন্দারা।
এই ঘটনায় সরব হয়েছেন রাজ্যের মন্ত্রী জুয়েল মুমু। তিনি বলেন, “আমাদের সরকার যখন শেখ শাহজাহানকে জব্দ করতে পেরেছে, সেখানে আকাশ মণ্ডল কোন ছাড়! বন্দুক দেখিয়ে মানুষকে হুমকি দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে? পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাই, বিজেপি চুড়ি পরে বসে নেই। পুলিশ সুপার থেকে আইজি—সকলকেই বিষয়টি জানানো হয়েছে।”
এখানেই থেমে থাকেননি মন্ত্রী। মালদা থানার আইসিকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কার কাছ থেকে টাকা তোলা হচ্ছে, কারা এই তোলাবাজির পিছনে মদত দিচ্ছেন, তা খুঁজে বের করতে হবে। এলাকায় নজরদারি বাড়িয়ে দ্রুত পদক্ষেপ করতে হবে। অন্যথায় আগামী দিনে সাধারণ মানুষ পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলবেন।
অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, আইন অনুযায়ী আকাশ মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সব মিলিয়ে একদিকে ব্যবসায়ীর লিখিত অভিযোগ, অন্যদিকে আতঙ্কিত মহিলাদের নিরাপত্তার দাবি এবং মন্ত্রীর প্রকাশ্য হুঁশিয়ারি—আকাশ মণ্ডলকে ঘিরে পুরাতন মালদায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এত অভিযোগের পরেও কেন অভিযুক্তকে গ্রেফতার করা যাচ্ছে না? কবে এই আতঙ্কের অবসান ঘটবে? কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন সাহাপুর ও লক্ষ্মী কলোনির বাসিন্দারা?












Leave a Reply