
সামশেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা: প্রেসের স্টিকার লাগানো গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা পাচারের অভিযোগ। সামশেরগঞ্জ থানার পুলিশের অভিযানে একটি মহিন্দ্রা XUV300 গাড়ি থেকে উদ্ধার হল ৬১ কেজি ৬০০ গ্রাম গাঁজা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। আইসি কুনাল কান্তি দাসের নেতৃত্বে এই অভিযানে বড়সড় সাফল্য পেল জঙ্গিপুর পুলিশ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ নভেম্বর জয়কৃষ্ণপুর ওয়াটার ট্যাঙ্কের কাছে WB 34C 4568 নম্বরের একটি মহিন্দ্রা XUV300 গাড়ি আটক করে পুলিশ। গাড়িটিতে লাগানো ছিল ‘PRESS’ স্টিকার। সন্দেহের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। ওজন করে দেখা যায়, মোট ৬১ কেজি ৬০০ গ্রাম গাঁজা রয়েছে গাড়িতে।
এই ঘটনায় ধৃত দুই যুবকের নাম রসিদুল শেখ (২৩) এবং নুর হুসেন (১৮)। রসিদুলের বাড়ি মালদা জেলার গাজোল থানার রসিকপুর গ্রামে। অপর ধৃত নুর হুসেন উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার জিঙ্কিয়া সর্দারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ওড়িশার ভুবনেশ্বর থেকে মালদার উদ্দেশে ওই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। মালদায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে মাদক পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল বলে তদন্তকারীদের প্রাথমিক ধারণা।
তবে গোটা ঘটনায় বিশেষভাবে নজর কেড়েছে গাড়িতে লাগানো ‘PRESS’ স্টিকার। পুলিশের অনুমান, নাকা তল্লাশি বা পুলিশি নজরদারি এড়ানোর কৌশল হিসেবেই এই স্টিকার ব্যবহার করা হয়ে থাকতে পারে। যদিও বিষয়টি এখনও তদন্তাধীন।
এই অভিযানের সাফল্য নিয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করে জঙ্গিপুর পুলিশ জেলা। সেখানে উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং, অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস এবং সামশেরগঞ্জ থানার আইসি কুনাল কান্তি দাস।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সামশেরগঞ্জ থানার মাদকবিরোধী অভিযানে একাধিকবার মাদক উদ্ধারের ঘটনা সামনে এসেছে। এর আগে ফেনসিডিল ও হেরোইন উদ্ধারের পর এবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার পুলিশের অভিযানে নতুন সাফল্য হিসেবে উঠে এসেছে।
এই পাচারচক্রের পিছনে আর কারা জড়িত? ভুবনেশ্বর থেকে কীভাবে মাদক আনা হচ্ছিল? মালদায় কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত চালাচ্ছে সামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের আরও তথ্য জানার চেষ্টা চলছে।












Leave a Reply