বাঁশদ্রোণী থানার ব্যারাক থেকে পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার, রহস্য মৃত্যুর তদন্তে পুলিশ।

কলকাতা, ২৬ নভেম্বর, নিজস্ব সংবাদদাতা:-:বৃহস্পতিবার সকালে কলকাতার বাঁশদ্রোণী থানার ব্যারাক থেকে এক পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম সঞ্জয় হালদার (৪০)। তিনি কলকাতা পুলিশে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি সরশুনার বাকপোতা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ব্যারাকের দোতলার একটি ঘরে সঞ্জয় একাই ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ নির্দিষ্ট সময়ে তিনি নিচে না নামায় এবং ফোনে সাড়া না দেওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। তাঁরা ওপরে গিয়ে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। দরজা খুলে তাঁরা তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বাঁশদ্রোণী থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে অনুমান করা হলেও পুলিশ এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি। ঘর থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, মৃতের মোবাইল ফোনটি লক করা অবস্থায় পাওয়া গিয়েছে। সেটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফোন থেকে কল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

বুধবার রাতে সঞ্জয়ের সঙ্গে কারও কথা কাটাকাটি বা বিবাদ হয়েছিল কি না, তাঁর ব্যক্তিগত বা পারিবারিক জীবনে কোনো সমস্যা চলছিল কি না, সেই সব দিকও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই রাতে ব্যারাকে কারা ছিলেন, সেখানকার পরিস্থিতি কেমন ছিল, সে বিষয়েও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।

পুলিশের এক আধিকারিক জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই ঘটনার পিছনে অন্য কোনো কারণ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *