বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, প্রতিবাদে পথ অবরোধ বিজেপির।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটের আগে অশান্তি অব্যাহত দিনহাটায়। এবার বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে দিনহাটা-১ এর ভেটাগুড়ি-২ গ্রাম পঞ্চায়েতের মহাকালধাম এলাকায়। ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার দিনহাটা-কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।

এবিষয়ে বিজেপি প্রার্থী রীতা বর্মন জানান, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে প্রথমে ভয় দেখায়। পরে তাঁর বাড়ির সামনে বোমাবাজি করে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার জানান, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *