লক্ষাধিক টাকার ব্যাগ কুড়িয়ে সামসেরগঞ্জ থানায় জমা দিল ধুলিয়ান হিজলতালার ছোট্ট শিশু মেহেদি হাসান।

সামসেরগঞ্জ, নিজস্ব সংবাদদাতা:- হ্যাঁ ঠিকই শুনেছেন। মানবিকতার এক অনন্য নজির গড়ল এক ছোট্ট শিশু। রাস্তায় পড়ে থাকা প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পেয়ে এক মুহূর্ত দেরি না করে তা জমা দিল সামসেরগঞ্জ থানায়।

জানা যায়, শিশুটির নাম মেহেদি হাসান। তার বাড়ি ধুলিয়ান হিজলতলা এলাকায়। সে ধুলিয়ানের গ্রীন সিটি পার্ক এর আশপাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগটি খুলে দেখা যায়, তার ভিতরে রয়েছে ব্যাগ ভর্তি টাকা এত বড় অঙ্কের টাকা পেয়েও লোভ না করে মেহেদি সঙ্গে সঙ্গে ছুটে যায় সামসেরগঞ্জ থানায় এবং পুরো বিষয়টি পুলিশকে জানায়।

এরপর থানার আইসি সুব্রত ঘোষ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেন। ব্যাগের ভিতরে একটি ব্যাংকের পাসবইও পাওয়া যায়। সেই পাসবইয়ের তথ্য দেখে ব্যাগের প্রকৃত মালিকের খোঁজ করা হয় এবং তাকে ফোন করে থানায় ডেকে পাঠানো হয়।

পরে জানা যায়, ব্যাগটির মালিক ফারাক্কার ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা। তিনি বন্ধন ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। পথে অসাবধানতাবশত তার ব্যাগটি পড়ে যায়। তিনি জানান, বিড়ি শ্রমিকদের সাপ্তাহিক মজুরি দেওয়ার জন্যই ওই টাকা তুলেছিলেন।

পুলিশের উপস্থিতিতে শেষ পর্যন্ত ব্যাগটি সঠিক মালিকের হাতে তুলে দেওয়া হয়। নিজের হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন ওই ব্যক্তি।

অন্যদিকে, এমন সততার পরিচয় দেওয়ায় সামসেরগঞ্জ থানার পক্ষ থেকে ছোট্ট মেহেদি হাসানকে একটি ক্যাডবেরি উপহার দিয়ে সম্মান জানানো হয়। পুলিশের পাশাপাশি এলাকাবাসীরাও এই ছোট্ট শিশুর সততা ও মানবিকতাকে সাধুবাদ জানিয়েছেন।

এই ঘটনায় আবারও প্রমাণ হলো—সততা ও মানবিকতার শিক্ষা ছোট থেকেই শুরু হয়। মেহেদি হাসানের এই কাজ আজ অনেক বড়দের কাছেও এক বড় উদাহরণ হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *