
মালদা, নিজস্ব সংবাদদাতা:- পাঞ্জাবে ড্রেন পরিষ্কারের কাজ করতে গিয়ে মৃত্যু হল হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম আলমগীর হোসেন ( ২১ )। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাইপুরে। যুবকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার পরিজন। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। খুন করে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে অভিযোগ পরিবারের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় মাস আগে স্থানীয় ঠিকাদারের সঙ্গে পাঞ্জাবে ড্রেন পরিষ্কারের কাজ করতে যায় যুবক। মঙ্গলবার রাত ন’টা নাগাদ ড্রেন পরিষ্কার করতে নেমে ভিতরে মারা যায় বলে সহকর্মীরা পরিবারকে ফোন করে জানায়। একদিন পর বুধবার দুপুরে দেহ উদ্ধার করে পাঞ্জাব পুলিশ। পরিবারের দাবি মৃত্যুর সঠিক কারণ কেউই বলছে না। প্রথম দিকে ফোন করে নিখোঁজ হয়ে যাওয়ার কথা বলেছিল। পরে ড্রেন থেকে দেহ উদ্ধার হয়েছে। ফোন করলে ঠিকাদার ফোন তুলছে না। মৃত্যুর পিছনে রহস্য রয়েছে। তদন্তের দাবি তুলেছেন পরিবার। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মৃতের পরিবারকে সমবেদনা জানাতে ছুটে জানা বাম নেতা সেখ খলিল ও আরজাউল হক সহ অন্যরা। রাজ্যের মানুষকে কাজ দিতে পারছে না তৃণমূল সরকার। তাই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হচ্ছে বাংলার মানুষের বলে তোপ দেগেছেন বাম নেতা আরজাউল।












Leave a Reply