বৌভাতের আগে রক্তদান শিবির, নজির বালুরঘাটে।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- বিয়ে বাড়ির মানেই হইহুল্লোড়, গান-বাজনা ও ভুরিভোজ। কিন্তু বালুরঘাটে সেগুলোর সঙ্গে যুক্ত হলেও এক মানবিক উদ্যোগ। বুধবার বৌভাতের অনুষ্ঠানের আগে রক্তদান ও থ্যালাসেমিয়া শনাক্তকরণ শিবির আয়োজন হলো নবপ্রভাত সংঘ এলাকায়। বিয়ে বাড়ি এসে বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন রক্তদানে সামিল হলেন। রক্তদাতা হলেন খোদ বর সৌরভ রায়। যদিও ইচ্ছে থাকলেও নববধূ ববিতা মাহাতো ওজনের কারণে রক্ত দিতে পারেননি। বিয়ের মন্ডপের পাশেই এদিন শ্লোগান ওঠে ‘রামের রক্তে রহিম বাঁচুক, যীশুর রক্তে রাম ‘। পথের দিশা সংস্থার পরিচালনায় ও ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনেশন সোসাইটির সহযোগিতায় এদিন ১২ জন রক্ত দিয়েছেন। সৌরভ জানান, ‘বিবাহ বন্ধনে রক্তের বাঁধননের বার্তা দিতেই এই উদ্যোগ। এই সময় জেলায় রক্ত সংকট চলে। জেলায় ৫০০ জনেরও বেশি থ্যালাসেমিয়া রোগীর প্রতি মাসের রক্তের প্রয়োজন। বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করলে পরবর্তী প্রজন্ম এই মারণ রোগ থেকে মুক্তি পায়।’ নববধূর মতে, চেয়েছিলাম নতুন জীবন শুরুর মুহূর্তে জীবন বাঁচুক মুমূর্ষর। কুষ্টি বিচার হোক না হোক থ্যালাসেমিয়া পরীক্ষা হোক বাধ্যতামূলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *