
দেবাশীষ পাল, মালদা :- বৃষ্টিতে জমির আলু জমিতেই পচে নষ্ট হয়ে যাওয়ায় দেনার দায়ে দুশ্চিন্তায় বিষপান করে আত্মঘাতী হলেন এক আলুচাষী। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও শোকের ছায়া তৈরি হল পুরাতন মালদার মহিষবাথানী অঞ্চলে। জানা গেছে, আত্মঘাতী আলুচাষীর নাম বিপতি রাজবংশী। বয়স ৬৩ বছর। বাড়ি পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চলের তেলিপুকুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, বিপতি রাজবংশীর নিজের এক বিঘা জমি রয়েছে। সেই জমি সহ লিজে নেওয়া আর ৪ বিঘা জমিতে তিনি বছর ধারদেনা, ঋণ মহাজন করে আলুর চাষ করেছিলেন। জমির ফসল ঘুরে, তুলে সমস্ত ধারদেনা পরিশোধ দিয়ে লাভের মুখ দেখার আশায় ছিলেন। কিন্তু সমস্ত আশায় জল ঢেলে দেয় গত শুক্রবার ও শনিবারের বৃষ্টি। প্রচন্ড বৃষ্টিতে পাঁচ বিঘা জমির সমস্ত আলু জমিতেই পচে নষ্ট হয়ে যায়। তাই আলু নষ্টে যাওয়ার পর থেকেই তার মাথায় হাত পড়েছিল। চরম দুশ্চিন্তায় ভুগছিলেন।কীভাবে ধারদেনা পরিশোধ দেবেন তা ভেবে কুল কিনারা কিছুই পাচ্ছিলেন না। চরম মানসিক অবসাদে ভুগছিলেন। তাই অবসাদ, দুশ্চিন্তার কারণেই সোমবার রাতে বাড়িতেই জমিতে দেওয়া বিষ খেয়ে তিনি আত্মঘাতী হন বলে খবর। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মৃত আলুচাষীর অসহায় পরিবারের জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানান প্রতিবেশিরা।












Leave a Reply