
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তপন বিধানসভা এলাকায় ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল। সোমবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের মঙ্গলপুর আদিবাসী পাড়ায় বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে ৬ নম্বর ডাংগা গ্রাম পঞ্চায়েতের ১৭৪ নম্বর বুথ এলাকায়। অভিযোগ, একাধিক পতাকায় আগুন লাগানোর পাশাপাশি কিছু পতাকা মাটিতে ফেলে দেওয়া হয়।
ভারতীয় জনতা পার্টি-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।
মঙ্গলবার সকালে স্থানীয় বিজেপি কর্মীরা বিষয়টি নজরে আনলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় কর্মী অপূর্ব সূত্রধর ও বিমান কর্মকার দাবি করেন, তাঁরা পূর্বে তৃণমূলের সমর্থক থাকলেও বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই তাঁদের লক্ষ্য করে একাধিকবার হামলা চালানো হচ্ছে।
তাঁদের অভিযোগ, রাজনৈতিক ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে দলীয় পতাকা ও পোস্টার নষ্ট করা হচ্ছে। গত কয়েকদিন ধরেই এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা।
উল্লেখ্য, তপন বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী বুধরাই টুডু এবং তৃণমূল প্রার্থী চিন্তামনি বিহা-র মধ্যে লড়াই ক্রমশ তীব্র হচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এলাকায় উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।












Leave a Reply