বালুরঘাটে ভারত সেবাশ্রম সঙ্ঘে দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- এলাকার সাধারণ মানুষের জরুরি চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করতে বালুরঘাট ভারত সেবাশ্রম সঙ্ঘে দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ সূচনা হল রবিবার। বালুরঘাটের প্রাক্তন বিধায়ক তথা নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ডঃ অশোক কুমার লাহিড়ীর ব্যক্তিগত উদ্যোগে এবং ভারত সরকারের পেট্রোলিয়াম দফতরের আর্থিক সহযোগিতায় এই পরিষেবার সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পতাকা নেড়ে অ্যাম্বুলেন্স দুটির যাত্রার সূচনা করেন ডঃ লাহিড়ী। জানা গিয়েছে, এই দুটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সে জরুরি চিকিৎসার জন্য প্রয়োজনীয় নানা সরঞ্জাম রাখা হয়েছে, যাতে রোগীকে দ্রুত এবং নিরাপদে হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল উন্নত অ্যাম্বুলেন্স পরিষেবার। এই উদ্যোগের ফলে বালুরঘাট ও সংলগ্ন এলাকার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতার ক্ষেত্রে দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, মানবসেবার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *