সোনারপুরে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার যুবক, এলাকায় মাদকচক্র নিয়ে নতুন বিতর্ক।

সোনারপুর, নিজস্ব সংবাদদাতা :- সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শীতলা এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চলছিল বলে অভিযোগ। স্থানীয়দের একাংশের দাবি, প্রভাবশালী মহলের মদতেই এই কারবার রমরমিয়ে চলছিল। এই পরিস্থিতিতে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন হালদার ওরফে ‘গুলে’ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের কাছ থেকে প্রায় ২৫ কেজি গাঁজা, নগদ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধৃতকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত এলাকায় একটি বাড়ি কিনে সেখানে মাদক ব্যবসার ঘাঁটি তৈরি করেছিল। লোকালয়ের মধ্যেই থাকা ওই বাড়ি থেকেই গাঁজার কারবার পরিচালিত হতো বলে অভিযোগ। যদিও তার পরিবারের সদস্যরা অন্য একটি বাড়িতে বসবাস করতেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই বাড়িতে নিয়মিত বিভিন্ন লোকের যাতায়াত ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শুধু খুচরো নয়, বিভিন্ন এলাকায় পাইকারি পরিমাণেও গাঁজা সরবরাহ করা হতো। উল্লেখ্য, এর আগেও অন্য একটি মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছিল নরেন্দ্রপুর থানার পুলিশ। বর্তমানে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদকের নেটওয়ার্ক কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *