
উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত সূরিপুকুর আলগড়িয়া এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারাসাত থেকে শিলিগুড়িগামী একটি মালবোঝাই ম্যাটাডোর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী মহিলাকে ধাক্কা মারে। ধাক্কার জেরে ওই মহিলা ছিটকে রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত মহিলার নাম আয়েশা বিবি। তাঁর বয়স ৬০ বছরের ঊর্ধ্বে বলে জানা গিয়েছে। তিনি সূরিপুকুর আলগড়িয়া এলাকারই বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনার পর ম্যাটাডোরটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়ির চালক গুরুতর আহত হয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকেন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।
এদিকে এই দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জাতীয় সড়কের ডিভাইডারের বিভিন্ন ত্রুটি এবং রাস্তার ধারে অবৈধভাবে বাস ও অন্যান্য যানবাহন পার্কিংয়ের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে চলেছে। রাস্তা পারাপারের সময় সাধারণ মানুষ স্পষ্টভাবে বুঝতে পারেন না কোন দিক থেকে কত গতিতে গাড়ি আসছে ফলে প্রায়ই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।
স্থানীয়দের আরও অভিযোগ সড়কের ওই অংশে পর্যাপ্ত স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই। রাতের অন্ধকারে রাস্তা এবং চলন্ত যানবাহন স্পষ্টভাবে দেখা যায় না যার ফলে পথচারী ও চালক উভয়েরই সমস্যার সম্মুখীন হতে হয়। তাঁদের দাবি পর্যাপ্ত আলোর ব্যবস্থা অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং ত্রুটিপূর্ণ ডিভাইডারের সংস্কার করা হলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।
এই ঘটনার পর এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনও নিরীহ মানুষের প্রাণ না যায়।












Leave a Reply