
মালদা, নিজস্বসংবাদদাতা:– দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ড দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হল সোমবার। হরিশ্চন্দ্রপুর থানার উদ্যোগে বুলডোজার দিয়ে ওই নির্মাণগুলি অপসারণের কাজ শুরু করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের শাসনকালে ঘোড়াগাড়ি স্ট্যান্ড দখল করে দলীয় কার্যালয়,দোকান, হোটেল ও রেস্টুরেন্ট-সহ একাধিক স্থাপনা গড়ে তোলা হয়েছিল বলে অভিযোগ। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছিল। বিজেপির পক্ষ থেকে একাধিকবার আন্দোলন ও প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানা এবং চাঁচল মহকুমা শাসকের দফতরে লিখিতভাবে বিষয়টি জানানো হলেও দীর্ঘদিন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও পরবর্তীতে মহকুমা শাসকের পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ জারি করা হয় বলে স্থানীয় সূত্রের দাবি। রাজনৈতিক পালাবদলের পর প্রশাসন অবশেষে ওই নির্দেশ কার্যকর করতে উদ্যোগী হয়েছে। সোমবার সকাল থেকে পুলিশি নিরাপত্তার মধ্যে বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। এদিন এলাকার বহু মানুষ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে দখলমুক্ত করার দাবি জানিয়ে আসা বাসিন্দাদের একাংশ প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। তবে অভিযোগের বিষয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলমুক্ত করার লক্ষ্যে আইন অনুযায়ী এই অভিযান চালানো হচ্ছে।












Leave a Reply