
মালদা, নিজস্ব সংবাদদাতা: — শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে মালদার বামনগোলা ব্লকের নালাগোলা এলাকার ঐতিহ্যবাহী শিবডাঙ্গি মন্দিরে ভোর থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল। মালদা শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন শিবমন্দিরকে ঘিরে রয়েছে প্রায় ৫০০ বছরেরও বেশি পুরোনো এক বিশাল বটবৃক্ষ। বটগাছের শিকড় ও কাণ্ডের মধ্যেই আজও নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছে শিবলিঙ্গ।
স্থানীয়দের বিশ্বাস, মন্দিরের শিবলিঙ্গটি দিন দিন আকারে বৃদ্ধি পাচ্ছে। সেই বিশ্বাসকে কেন্দ্র করে সারা বছরই ভক্তদের আনাগোনা থাকলেও শ্রাবণ মাসে ভিড় কয়েকগুণ বেড়ে যায়। সোমবার সকালে জলাভিষেক ও পুজো দিতে দীর্ঘ লাইনে দাঁড়ান হাজার হাজার ভক্ত।
এদিন এক ভক্তকে মানত পূরণ উপলক্ষে প্রায় দুই কিলোমিটার পথ লোহার কাঁটা বসানো দীর্ঘ পিঁড়িতে শুয়ে দণ্ডী কেটে মন্দিরে পৌঁছাতে দেখা যায়। তাঁর এই কঠোর ব্রত দেখতে বহু মানুষ ভিড় জমান।
ভক্তদের সুবিধা ও নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বামনগোলা থানার পক্ষ থেকেও পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশেই সারাদিন ধরে পুজো ও জলাভিষেকের অনুষ্ঠান চলতে থাকে।












Leave a Reply