বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নারী সুরক্ষা, ভয়হীন ক্যাম্পাস ও র‍্যাগিং বিরোধী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ডিন অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার-এর উদ্যোগে বৃহস্পতিবার বি. এন. সাসমল হলে “নারী সুরক্ষা, ভয়হীন ক্যাম্পাস ও র‍্যাগিং বিরোধী ব্যবস্থা” বিষয়ক একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা (আইপিএস)।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীর জন্য একটি নিরাপদ, সুরক্ষিত ও ভয়হীন পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশ্ববিদ্যালয়ের র‍্যাগিং-এর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে সকলকে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
পুলিশ সুপার পাপিয়া সুলতানা নারী সুরক্ষার বিভিন্ন দিক, প্রাসঙ্গিক আইনি বিধান এবং জরুরি হেল্পলাইন পরিষেবা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করেন। তিনি বিশেষ করে ছাত্রীদের নিজেদের অধিকার সম্পর্কে অবগত থাকার পাশাপাশি যেকোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে নির্ভয়ে অভিযোগ জানানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি আত্মনির্ভরশীল হয়ে ওঠার গুরুত্বের ওপরও জোর দেন। তাঁর বক্তব্য উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলে এবং তাঁদের অনুপ্রাণিত করে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যোতির্ময় ঘোষ এবং রুসিতা কর।অনুষ্ঠিতে বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, ডিন অব স্টুডেন্টস’ ওয়েলফেয়ার, অ্যান্টি-র‍্যাগিং কমিটির চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক আধিকারিক এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *