
মালদা, নিজস্ব সংবাদদাতা:- চিকিৎসা পরিষেবা প্রদানে আরও একধাপ এগোল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার হাসপাতালের ওপিডি বিল্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে চালু হল কার্ডিওলজি ও নেফ্রোলজি বিভাগের বহির্বিভাগ বা ওপিডি পরিষেবা। এদিন দুপুরে এই দুই পরিষেবার সূচনা করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পার্থ প্রতীম মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের সহকারী অধ্যক্ষ ডাঃ গণেশ চন্দ্র গাইন, হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ বাপীলাল বালা সহ অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এতদিন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে কার্ডিওলজি ও নেফ্রোলজির ওপিডি পরিষেবা না থাকায় এই দুই বিভাগের চিকিৎসার জন্য অনেক রোগীকেই অন্য সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত হতে হতো। আবার অনেককে বেসরকারি ক্ষেত্রে বেশি অর্থ খরচ করে চিকিৎসা করাতে হতো। বিশেষত আর্থিকভাবে দুর্বল রোগীদের ক্ষেত্রে এই পরিস্থিতি ছিল যথেষ্ট সমস্যার।নতুন এই পরিষেবা চালু হওয়ায় হৃদ্রোগ ও কিডনির সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, কার্ডিওলজি ওপিডি পরিষেবা মিলবে সপ্তাহে দু’দিন—শুক্রবার ও শনিবার। ইকো পরিষেবা পাওয়া যাবে বুধবার। অন্যদিকে, নেফ্রোলজি ওপিডি চলবে সপ্তাহে তিন দিন—সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।












Leave a Reply