বৈচিত্রের মাঝে ঐক্যই ভারতীয় সংস্কৃতির মূল কথা! জাতীয় ঐক্য দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনি সচেতনতার বার্তা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৈচিত্রের মাঝে ঐক্যই ভারতীয় সংস্কৃতির মূল কথা। আর সেই কারণেই সারা বিশ্বে সমাদৃত আমাদের দেশ ভারত। জাতীয় ঐক্য দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক তথা কবি কাজী মহম্মদ মুর্তাজা।

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গুইয়াদহ বাজার জলসা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত হয় সাম্প্রদায়িক সম্প্রীতি, বস্ত্র বিতরণ ও আইনি সচেতনতা শিবির। এই অনুষ্ঠানে হিন্দু, খ্রিস্টান, লোধা, মুসলিম-সহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে স্বাগত ভাষণ দেন ডা. শেখ ফখরুদ্দিন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে কাজী মহম্মদ মুর্তাজা ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের গুরুত্ব ও ব্যাপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদকে সংবিধানের মুকুট বলা যায়। জরুরি অবস্থার সময়েও রাষ্ট্র এই অনুচ্ছেদের মূল সুরক্ষা সম্পূর্ণভাবে কেড়ে নিতে পারে না।

তিনি আরও বলেন, মানুষের জীবনের অধিকার এবং ব্যক্তিস্বাধীনতার অধিকার—এই দুটি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে ২১ নম্বর অনুচ্ছেদ। সময়ের সঙ্গে সঙ্গে একাধিক সাংবিধানিক ব্যাখ্যা ও বিচারবিভাগীয় রায়ের মাধ্যমে এই অনুচ্ছেদের গুরুত্ব ও পরিধি আরও বিস্তৃত হয়েছে।

শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার, স্বাস্থ্য, ব্যক্তিগত গোপনীয়তা, দ্রুত বিচার পাওয়ার অধিকার, বিদেশ ভ্রমণের অধিকার, বিনামূল্যে আইনি পরিষেবা এবং নারীদের মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার—এমন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে ২১ নম্বর অনুচ্ছেদের সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি কর্মস্থলে নারীদের উপর নির্যাতন প্রতিরোধে আইনি সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন তিনি।

ধর্মীয় বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সংবিধানের মূল্যবোধকে সামনে রেখে সমাজ গড়ার বার্তাও উঠে আসে এই অনুষ্ঠানে।

সব মিলিয়ে জাতীয় ঐক্য দিবস উপলক্ষে গুইয়াদহ বাজারের এই উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সাংবিধানিক অধিকার ও আইনি সচেতনতা ছড়িয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *