ক্ষুদিরামের জন্মভিটায় আবেগঘন ভাইফোঁটা, অপরূপা দেবীর স্মৃতি ফিরিয়ে আনল ‘মিডনাপুর ডট ইন’।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-ফাঁসির মঞ্চে ভাই, অপূর্ণ রয়ে গিয়েছিল দিদির ভাইফোঁটা! ১১৬ বছর পরেও ঐতিহ্য মেনে খুদিরামের জন্মভিটায় পালিত ভাইফোঁটা।
১৯০৮ সালে আর ভাইফোঁটা নেওয়া হয়নি তাঁর! দেশের স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে আত্মবলিদান দিয়েছিলেন বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু। আর সেই আত্মবলিদানের মধ্য দিয়েই চিরতরে অপূর্ণ থেকে গিয়েছিল তাঁর মাতৃসম দিদি অপরূপা দেবীর ভাইকে ফোঁটা দেওয়ার ইচ্ছা।
কিন্তু ইতিহাসের সেই আবেগঘন স্মৃতিকে আজও বাঁচিয়ে রেখেছেন কিছু মানুষ। প্রতি বছরের মতো এবারও ভাইফোঁটার দিনে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের হবিবপুরে ক্ষুদিরামের জন্মভিটায় আয়োজিত হল বিশেষ ভাইফোঁটা অনুষ্ঠান। ‘মিডনাপুর ডট ইন’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অপরূপা দেবীর হয়ে প্রথমে ক্ষুদিরামের প্রতিকৃতিতে ফোঁটা দেন তাঁর পৌত্রবধূ মমতা রায়। এরপর ফোঁটা দেন সুতপা রায় ও রিংকি ভৌমিক।
উল্লেখ্য, এই হবিবপুরের বাড়িতেই তিন মুঠো খুদের বিনিময়ে মায়ের কাছ থেকে ভাই ক্ষুদিরামকে নিজের করে নিয়েছিলেন দিদি অপরূপা দেবী। সেই স্মৃতিকে সামনে রেখেই প্রতিবছর এই বিশেষ আয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপরূপা দেবীর পৌত্র সুব্রত রায় এবং প্রপৌত্র সত্বিক, সার্থক ও সপ্তক রায়-সহ পরিবারের অন্যান্য সদস্যরা।
অন্যদিকে, ক্ষুদিরামের জন্মস্থান নিয়ে দীর্ঘদিনের বিতর্কও উঠে এসেছে এই অনুষ্ঠানে। উদ্যোক্তা অরিন্দম ভৌমিকের দাবি, নব্বইয়ের দশকের শুরুতে সরকারি নথিতে ক্ষুদিরামের জন্মস্থান মেদিনীপুর শহরের হবিবপুরের পরিবর্তে কেশপুরের মোহবনী উল্লেখ করা হয়। এই ভুল সংশোধনের দাবিতে তথ্যপ্রমাণ-সহ বর্তমান সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
দেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া এক বিপ্লবীর স্মৃতির পাশাপাশি এবারও ভাইফোঁটার আবেগে উঠে এল ইতিহাসের এক অপূর্ণ অধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *