রতুয়ার বাহারালে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম তিন যুবক।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- বেপরোয়া বাইকের দাপটে রক্তাক্ত রাজ্য সড়ক! মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম তিন, আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
রাজ্য সড়কে বেপরোয়া বাইকের দাপট যেন থামার নামই নিচ্ছে না! ফের দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত হলেন তিন যুবক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রতুয়া থানার বাহারাল ফুটবল মাঠ সংলগ্ন বাহারাল–মানিকচক রাজ্য সড়কে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন মানিকচকের নুরপুরের ফরিদ খান ও শেখ হোসেন এবং রহিমপুরের বাসিন্দা পেশায় আইনজীবী শেখ মীরজাহান।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে শেখ মীরজাহান বাইকে করে মানিকচক থেকে রতুয়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে একটি বাইকে দ্রুতগতিতে যাচ্ছিলেন ফরিদ খান ও শেখ হোসেন। বাহারাল ফুটবল মাঠের কাছে আচমকাই বাইক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনজনই ছিটকে পড়েন রাজ্য সড়কের উপর। দুমড়ে-মুচড়ে যায় দুটি বাইক।রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তিনজনকেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকেরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটি আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী শুভেন্দু সাহার অভিযোগ, একটি বাইকে থাকা দুই যুবক বেপরোয়া গতিতে যাচ্ছিলেন। তাদের বাইকের ধাক্কাতেই এই দুর্ঘটনা। তার ক্ষোভ, রাজ্য সড়ক কি বেপরোয়া বাইক চালানোর মুক্তাঞ্চল? এভাবে রাস্তায় গতির দাপট চলতে থাকলে আরও কত প্রাণ বিপন্ন হবে? বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *