
মালদা, নিজস্ব সংবাদদাতা:- দুই মাসের ব্যবধানে একই বাড়িতে পরপর দু’বার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুর থানার আইহো এলাকায়। সেই ঘটনায় পুলিশে লিখিতভাবে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ পরিবারের। এবার বাড়ির ছাদের উপরে থাকা ঘর থেকে ঠাকুরের গয়না ও পিতলের বিভিন্ন সামগ্রী চুরি করে পালাল দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আইহোর খোষবাস পাড়ার বাসিন্দা শংকর হালদারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, এর আগেও প্রায় দু’মাস আগে ওই একই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। ওই সময় বাড়ি থেকে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চুরির ঘটনা ঘটল।এবার বাড়ির ছাদের উপরে থাকা ঠাকুর ঘরে রাখা ঠাকুরের বিভিন্ন গয়না এবং পিতলের আসবাবপত্র সহ একাধিক সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরপর দু’ বার একই বাড়িতে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত পরিবারের সদস্যরা। চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।পরিবারের আরও অভিযোগ, আগের চুরির ঘটনার পর প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও এখনও পর্যন্ত কোনও সুরাহা মেলেনি। বারবার একই বাড়িতে চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।












Leave a Reply