মালদায় আচমকা রেশন ব্যবস্থায় খাদ্যমন্ত্রীর হানা, বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা।

মালদা, নিজস্ব সংবাদদাতা : – বাম আমল থেকে শুরু করে তৃণমূলের শাসনকাল—রেশন ব্যবস্থাকে ঘিরে একাধিকবার দুর্নীতির অভিযোগ উঠেছে। কখনও নিম্নমানের খাদ্যসামগ্রী সরবরাহ, কখনও আবার উপভোক্তাদের প্রাপ্য রেশন থেকে বঞ্চিত করার অভিযোগ সামনে এসেছে। এবার সেই রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে তৎপর রাজ্য সরকার। আর সেই লক্ষ্যেই বুধবার মালদায় এসে আচমকা রেশন ব্যবস্থার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

বুধবার সকালে খাদ্য দপ্তরের মালদা জেলার আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের খেজুরিয়া আদিবাসী অধ্যুষিত গ্রামে পৌঁছন তিনি। সেখানে গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে রেশন ব্যবস্থার পরিষেবা সম্পর্কে খোঁজখবর নেন মন্ত্রী। রেশন দোকান থেকে সরবরাহ করা চালের গুণগত মান নিজের চোখে খতিয়ে দেখেন। পাশাপাশি রেশন কার্ডের শ্রেণি অনুযায়ী উপভোক্তারা নির্ধারিত পরিমাণ খাদ্যসামগ্রী পাচ্ছেন কি না, তা নিয়েও গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

শুধু তাই নয়, পুজোর মরশুমে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্ধেক দামে সরবরাহ করা চিনি, সুজি ও ময়দা উপভোক্তারা ঠিকমতো পাচ্ছেন কি না, সেই বিষয়েও বিস্তারিত খোঁজ নেন তিনি। রেশন ব্যবস্থায় কোনও অনিয়ম রয়েছে কি না, তা বুঝতে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদেরও প্রয়োজনীয় নির্দেশ দেন।

পরিদর্শন শেষে খাদ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রেশন ব্যবস্থায় কোনও ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। দুর্নীতির সঙ্গে কেউ জড়িত থাকলে কাউকেই রেয়াত করা হবে না। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ঘটনাস্থলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকী দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

মূলত সাধারণ মানুষ যাতে তাঁদের প্রাপ্য রেশন সামগ্রী সঠিক পরিমাণে এবং ভালো মানের পান, তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিক ও সংশ্লিষ্ট মহলে স্বাভাবিকভাবেই তৎপরতা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *