ভিবিজি-রামজী প্রকল্পে ১২৫ দিনের কাজ শুরু, পুরাতন মালদায় ক্যানেল সংস্কারের কাজ পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– রাজ্যে পালাবদলের পর শুরু হয়েছে ভিবিজি-রামজী প্রকল্পে বছরে ১২৫ দিনের কাজের প্রকল্প। সেই প্রকল্পে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চলা কাজ বৃহস্পতিবার সরজমিনে পরিদর্শন করলেন জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। পরিদর্শনে ছিলেন মালদার অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) সপ্তর্ষি নাগ, মালদা সদর মহকুমা শাসক শম্ভুদীপ সরকার, পুরাতন মালদার বিডিও অনিক রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাম্পি সাহা দাস সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের রশিলাদহ থেকে শান্তিনগর পর্যন্ত একটি ক্যানেল সংস্কারের কাজ পরিদর্শন করেন। ভিবিজি-রামজী বছরে ১২৫ দিনের কাজের প্রকল্পে শ্রমিকরা ঠিকঠাক কাজ করছেন কিনা তা খতিয়ে দেখেন তারা। পরে অতিরিক্ত জেলাশাসক সপ্তর্ষি নাগ জানান, ভিবিজি-রামজী প্রকল্পে সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্যানেল সংস্কারের কাজ খুব ভালো হচ্ছে। কাজ করছেন ২৬৬জন শ্রমিক। যারা দৈনিক ৩০০ টাকা করে পারিশ্রমিক পারেন। এই ধরনের বড়ো বড়ো কাজ আগামীতে জেলার বিভিন্ন প্রান্তে করা হবে। এদিকে দীর্ঘদিন একশো দিনের কাজের প্রকল্পের কাজ বন্ধ থেকে নতুন করে ভিবিজি-রামজী প্রকল্প হিসেবে পুনরায় চালু হওয়ায় খুশি কাজে নিযুক্ত শ্রমিকরা। তাদের বক্তব্য, তারা কাজ পাচ্ছেন। ভালো মজুরি পাচ্ছেন। তাই খুশি খুশি মনে কাজ করছেন। আগামীতেও এই ধরনের কাজ পাবেন সেই ব্যাপারে নতুন সরকারের প্রতি তাঁদের আশা ভরসা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *