গোয়ালতোড়ে অজানা হিংস্র জন্তুর তাণ্ডব! আহত ৩৫ থেকে ৪০টি গবাদি পশু, চরম আতঙ্কে গ্রামবাসীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে অজানা এক হিংস্র জন্তুর হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে গ্রামের গোয়ালঘরে ঢুকে একের পর এক গবাদি পশুর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে অজ্ঞাত ওই জন্তুর বিরুদ্ধে। আর এই হামলায় প্রায় ৩৫ থেকে ৪০টি গবাদি পশু আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে গোয়ালতোড়ের ভেদুয়া, মজুরিপাড়া সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামে ছড়িয়েছে তীব্র আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রাতের অন্ধকারে হানা দেয় অজ্ঞাত ওই জন্তুটি। গোয়ালঘরে থাকা গবাদি পশুদের উপর চালায় আক্রমণ। কামড় ও আঁচড়ে গুরুতর জখম হয় একের পর এক গবাদি পশু। সকালে এই ঘটনা সামনে আসতেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। সন্ধ্যা নামলেই এখন বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। তবে ঠিক কোন ধরনের জন্তু এই হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার খবর পেয়েই দ্রুত তৎপর হন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা। তাঁর উদ্যোগে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের আধিকারিক এবং প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা। আহত গবাদি পশুগুলির চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় টিকাকরণের ব্যবস্থাও করা হয়েছে।

অন্যদিকে, হামলাকারী জন্তুটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে বনদপ্তর। ঘটনাস্থল থেকে পায়ের ছাপ ও অন্যান্য নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলি পরীক্ষা করে জন্তুটির প্রজাতি শনাক্ত করার চেষ্টা চলছে।

তবে প্রশ্ন উঠছে, কী সেই অজানা হিংস্র জন্তু? বন্য কোনও প্রাণী, নাকি অন্য কোনও জন্তুর হামলা? যতক্ষণ না তার পরিচয় জানা যাচ্ছে, ততক্ষণ আতঙ্ক কাটছে না ভেদুয়া, মজুরিপাড়া সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে। এখন বনদপ্তরের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *