
মালদা, নিজস্ব সংবাদদাতা : —- শেখ হাসিনার দেশে ফেরার বার্তা ঘিরে কি এবার বাংলাদেশে ফিরতে শুরু করেছেন দেশছাড়া আওয়ামি লিগ নেতারা? দু’মাস ভারতে কাটানোর পর মালদার মহদিপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য তথা আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমান ও তাঁর সহযোগীরা। তাঁর দাবি, নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিয়েছেন। সেই বার্তার পর তাঁর মতো দেশছাড়া বহু আওয়ামি লিগ নেতা-কর্মী ধীরে ধীরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে, বাংলাদেশে নতুন করে অস্থিরতার আবহ তৈরি হওয়ায় মহদিপুর সীমান্তে বাড়ছে উদ্বেগ। ওপারে গাড়ি নিয়ে যেতে আতঙ্কিত এপারের ট্রাকচালক ও খালাসিরা। সীমান্তে যাতায়াত ঘিরে তৈরি হয়েছে বাড়তি ব্যস্ততা।
একদিকে বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে ভারতে আসছেন বহু নাগরিক, অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরছেন কেউ কেউ। মহদিপুর স্থলবন্দর দিয়ে দু’দেশের নাগরিকদের যাতায়াতের এই চিত্র ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে।
ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের অনেকের মুখেই শোনা যাচ্ছে শেখ হাসিনার প্রসঙ্গ। কেউ কেউ জানাচ্ছেন, তাঁরা শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় দেখতে চান। আবার অন্যদের বক্তব্য, তাঁরা কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিয়ে ভাবছেন না। বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই তাঁদের প্রধান প্রত্যাশা।












Leave a Reply