বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের জেল হতেই পোষ্টারের রমরমা। সেই পোষ্টার আবার দুর্নীতির পোষ্টার। খোদ শাসক দলের নেতাদের বিরুদ্ধে পোষ্টার। রাতের অন্ধকারে কে বা কারা এই পোষ্টার লাগিয়েছে তা সবার অজানা। আজ সকাল থেকেই বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যশপুর ও কান্তোড় গ্রামে দুর্নীতির পোষ্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সী মোজাম্মেল হক ওরফে কাঞ্চন এবং দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ পরিমল সৌ এর নাম দিয়ে তাঁদের বিলাশ বহুল বাড়ি, জমি জায়গা সহ বিপুল সম্পত্তির হিসাবে দিয়ে দুর্নীতির অভিযোগ করা হয়েছে ওই পোষ্টারে। একই সঙ্গে নানান স্লোগানও ব্যবহার করা হয়েছে। পোষ্টারের ভাষার ব্যবহার দেখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর বহিপ্রকাশ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখার্জির দাবি, ঘোলা জলে মাছ ধরতে চাইছে কেউ কেউ। এদিকে যশপুরের পাশাপাশি কান্তোড়, পছিয়ারা সহ একাধিক গ্রামে ওই পোষ্টার দেখা যায়। যদিও তা জানাজানি হওয়ার পরই পোষ্টারগুলি ছিঁড়ে ফেলা হয়েছে। পোষ্টারে নাম থাকা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ পরিমল সৌ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আরও জানান, যাঁরা এই ধরনের পোস্টার লিখেছে তারাই বলতে পারবে সত্যটা কি। তবে তিনি ব্লক নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন।
অন্যদিকে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, তৃণমূল নেতাদের নামে যে পোষ্টার পড়েছে আমার জানা নেই কারা দিয়েছে। তবে এই তৃণমূল কংগ্রেসের নেতারা দায়ী। তাঁরা মানুষকে প্রতারণা করেছে। মানুষ গরীব থেকে গিয়েছে আর নেতারা বড়লোক হয়েছে৷
তৃণমূল নেতাদের দুর্নীতির বিরুদ্ধে পোষ্টার ঘিরে চাঞ্চল্য।












Leave a Reply