বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বড় উদ্যোগ, চালু হল ‘PACE’ ওয়েবসাইট।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে অভিনব উদ্যোগ নিল জেলা পুলিশ। জেলার চাকরিপ্রার্থীদের বিভিন্ন বেসরকারি সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত করতে সোমবার জেলা পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল PACE (Police Assistance in Career & Employment Enhancement) নামে একটি বিশেষ ওয়েবসাইট। এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এই ওয়েবসাইটে বিভিন্ন বেসরকারি সংস্থার শূন্যপদের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। কোন কোম্পানিতে নিয়োগ চলছে, কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, বেতন কত, কর্মস্থল কোথায় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সেখানে উল্লেখ থাকবে। চাকরিপ্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী অনলাইনে সরাসরি আবেদনও করতে পারবেন। জেলা পুলিশ সুপার জানান, বর্তমানে ২৮টি বেসরকারি কোম্পানি PACE প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছে। আগামী দিনে আরও শিল্প সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান এই উদ্যোগে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এতে যেমন চাকরি খোঁজার প্রক্রিয়া সহজ হবে, তেমনি সংস্থাগুলিও দ্রুত উপযুক্ত প্রার্থী বেছে নেওয়ার সুযোগ পাবে। এই উদ্যোগ মূলত পশ্চিম মেদিনীপুর জেলার বেকার যুবক-যুবতীদের জন্য হলেও, অন্য জেলার বাসিন্দা হলেও বর্তমানে পশ্চিম মেদিনীপুরে বসবাস করলে তাঁরাও আবেদন করতে পারবেন।
পাপিয়া সুলতানা আরো জানান, বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে ৮০ থেকে ৯০ শতাংশ স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার আশ্বাস মিলেছে। পাশাপাশি মোট নিয়োগের অন্তত ৩০ শতাংশ মহিলা প্রার্থী রাখার বিষয়েও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। জেলা পুলিশের লক্ষ্য, এই উদ্যোগের মাধ্যমে প্রতি বছর প্রায় ১,০০০ থেকে ১,৫০০ জন যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তিনি আরও জানান, ২১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। এরপর ১ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত আবেদনপত্র যাচাই ও সাক্ষাৎকার প্রক্রিয়া চলবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ১৫ আগস্টের আগেই নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার চেষ্টা করা হবে। তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে নিয়োগ প্রক্রিয়ায় সামান্য সময় বাড়তে পারে। শুধু বেসরকারি চাকরির সুযোগ তৈরি নয়, সরকারি চাকরির প্রস্তুতিকেও গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ। সেই লক্ষ্যেই সম্প্রতি চালু হয়েছে ‘প্রস্তুতি’ নামে একটি পাইলট প্রকল্প, যার মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জেলার যুবসমাজকে আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পুলিশের এই দুই উদ্যোগ—PACE এবং ‘প্রস্তুতি’—পশ্চিম মেদিনীপুরের কর্মসংস্থান বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একদিকে বেসরকারি চাকরির সুযোগ, অন্যদিকে সরকারি চাকরির প্রস্তুতি—দুই ক্ষেত্রেই জেলার যুবক-যুবতীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলেই আশা প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *