
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- নস্টালজিয়া ধরে রেখে কলেজ স্ট্রিটকে আধুনিক করতে চায় বিজেপি সরকার। বইপাড়া যাতে পৃথক আঙ্গিক পায় তার জন্য ওই পথে যানবাহন না চালানোর মতো ভাবনা-চিন্তা করছে ডবল ইঞ্জিন সরকার। তবে সেখানে হকার উচ্ছেদ করতে চায় না বলে বার্তা দিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলেজ স্ট্রিটকে ঢেলে সাজাতে পুরো ‘মেক ওভার’ হবে বলে আগেই জানিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার ভাবনাকে বাস্তবায়িত করার জন্য বুধবার সকালে বইপাড়ায় পৌঁছে গেলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী। কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পাণ্ডে এবং অফিসারদের সঙ্গে নিয়ে পুরো কলেজ স্ট্রিট চত্বর ঘুরে দেখলেন।
বইপাড়ায় এসে যাতে নিশ্চিন্তে বইপ্রেমীরা বই পড়তে পারে সে কথাও ভাবা হয়েছে। আর তাই কলেজস্ট্রিট এবং পার্কস্ট্রিটের ফুটপাথের দোকানগুলি ঘুরে দেখলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তখনই মালিকদের রীতিমতো ধমক দেন তিনি। তারপরই অগ্নিমিত্রার স্পষ্ট নির্দেশ, ‘ফুটপাথে দুটো লাইন করে দোকান করা যাবে না। কারণ পথচারীদের জন্য জায়গা ছেড়ে তবেই চালাতে হবে দোকান। কলেজ স্ট্রিটের একটা অংশ হবে নো ভেহিকেলস জোন। সেখানে গাড়ি চলবে না, হর্ন বাজবে না। বইয়ের দোকানগুলিকে সেখানে রিলোকেট করার পরিকল্পনা আছে। তবে মূল কলেজ স্ট্রিটের রাস্তায় আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না।
কলকাতায় সারপ্রাইজ ভিজিটে বের হন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একাধিক এলাকা ঘুরে দেখেন। নিকাশি-সহ নানা সমস্যা সরেজমিনে খতিয়ে দেখেন। বুধবার সকালে প্রথমে কলেজস্ট্রিট এলাকায় এসে সবটা খতিয়ে দেখেন। পরিকল্পনা বাস্তবায়িত করতে ঘুরে দেখেন ফুটপাথের দোকানগুলি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এমনকী তিনি চলে যান ধর্মতলা, পার্কস্ট্রিট চত্বরেও। একেবারে হাজির হয়ে যান ফুটপাতের খাবারের দোকানে। সেখানে এক মহিলার দোকানে দেখতে পেয়ে ঢোকেন পুরমন্ত্রী। আর দেখতে পান, ফুটপাতের উপর তিনটি জায়গা নিয়ে দোকান চালাচ্ছেন তিনি। এতেই ক্ষোভ উগরে দেন অগ্নিমিত্রা পাল।












Leave a Reply