
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের আমলে ব্যবসা করতে গেলে তোলা দিতে হতো বলে বারবার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। তবে এবার সেই একই পদ্ধতিতে বিজেপির এক স্থানীয় নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল। অভিযোগের কেন্দ্রবিন্দুতে বেহালা ১১৭ নম্বর ওয়ার্ডের বিজেপির বেহালা ২ নম্বর মণ্ডল সভাপতি তুহিন পাল। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন স্থানীয় ব্যবসায়ী তথা প্রোমোটার কাশীনাথ মণ্ডল।
কাশীনাথ মণ্ডলের অভিযোগ, তিনি ১১৭ নম্বর ওয়ার্ডের একটি জায়গায় প্রোমোটিংয়ের কাজ শুরু করতে উদ্যোগী হয়েছিলেন। সেই সময় তাঁকে তুহিন পাল নিজের বাড়িতে ডেকে পাঠান। অভিযোগ, সেখানে তাঁকে বলা হয়, কাজ শুরু করতে হলে বিজেপির পার্টি ফান্ডে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। কিন্তু এত টাকা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানান কাশীনাথবাবু।

অভিযোগ, এরপরই বিষয়টি নিয়ে তিনি সমস্যায় পড়েন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বেহালা থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। তাঁর দাবি, তুহিন পাল তাঁর কাছে টাকা চেয়েছিলেন এবং সেই কথোপকথনের একটি অডিও রেকর্ডও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
তবে বিজেপি দলের নেতৃত্ব বারবার দাবি করে এসেছে, তাদের শাসনকালে ব্যবসা করতে গেলে কোনওরকম তোলা দিতে হবে না, সেই দলেরই স্থানীয় নেতার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।












Leave a Reply