টাকার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে সাত বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হল প্রতিবেশী এক ব্যক্তিকে।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— টাকার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে সাত বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হল প্রতিবেশী এক ব্যক্তিকে। শুক্রবার দুপুর দেড়টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা শিশুর পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম তকিমুদ্দিন। সে নির্যাতিতা শিশুর প্রতিবেশী বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন সে পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। সেই সময় অভিযুক্ত শিশুটির হাতে চার টাকা খুচরো পয়সা তুলে দিয়ে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গোটা ঘটনা পরিবারকে জানায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শিশুটির শারীরিক পরীক্ষায় নির্যাতনের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে দাবি করা হয়েছে। নির্যাতিতার মা জানান, অভিযুক্ত ব্যক্তি গ্রামে গ্রামে ঝালমুড়ি বিক্রি করে বেড়ায়। ঘটনার সময় বাড়ি ফাঁকা ছিল, আর সেই সুযোগে মেয়েকে প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। তিনি বলেন, মেয়ে বর্তমানে আতঙ্কে রয়েছে এবং শারীরিক অস্বস্তিতে ভুগছে। ঘটনার পরই তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। হরিশ্চন্দ্রপুর থানা সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *