
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার উল্টোরথ উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরেও উৎসবমুখর পরিবেশে পালিত হলো উল্টোরথ। অনুকূল আবহাওয়ার কারণে দূর-দূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থী এদিন চন্দ্রকোনারোডে ভিড় জমান। শহরে ইস্কনের উল্টোরথ এবং চন্দ্রকোনারোড রথযাত্রা উদযাপন কমিটির উল্টোরথকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রথের টানে সামিল হন হাজার হাজার ভক্ত। শহরের বিভিন্ন রাস্তায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।
উৎসবকে ঘিরে নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে ছিল কড়া পুলিশি ব্যবস্থা। গড়বেতা থানার ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক অমর ছেত্রী এবং চন্দ্রকোনারোড বিট হাউসের আইসির তৎপরতায় গোটা অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। পুলিশের সক্রিয় নজরদারির ফলে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের সহযোগিতায় এ বছরের উল্টোরথ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা।












Leave a Reply