নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে উদ্ধার হওয়া বাজি-বারুদে বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী!

উত্তর ২৪ পরগনা, নিজস্ব সংবাদদাতা:- উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির চত্বরে মঙ্গলবার সকাল প্রায় সাড়ে ৬টা নাগাদ উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে নীলগঞ্জের নারায়ণপুর এলাকা থেকে অভিযান চালিয়ে প্রচুর বাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ। অভিযোগ, উদ্ধার হওয়া সামগ্রীগুলি নিষ্ক্রিয় না করে পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি গোডাউনে রাখা হয়েছিল। মঙ্গলবার ভোরে আচমকাই বিকট শব্দে বিস্ফোরণ শুরু হয়। মুহূর্তের মধ্যে গোডাউনের ভিতরে থাকা বাজিগুলি একের পর এক ফাটতে থাকে এবং ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, যে গোডাউনে বাজি ও বারুদ রাখা ছিল তার উপরের তলায় একটি পরিবার বসবাস করত। বিস্ফোরণের তীব্রতায় তারা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এছাড়াও গোডাউনের বাইরে একটি টিনের ড্রামে বারুদ ভর্তি অবস্থায় রাখা ছিল বলে অভিযোগ। সেই ড্রাম থেকেই আগুন আরও ছড়িয়ে পড়ে বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে বারুদের উপস্থিতির কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়। বিস্ফোরণের জেরে আশপাশের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে অবিস্ফোরিত বাজি ও বিস্ফোরকের অংশ, ফলে এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
কীভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটল এবং উদ্ধার হওয়া বাজি-বারুদ নিরাপত্তার সঙ্গে সংরক্ষণ করা হয়েছিল কি না, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *