মহানায়কের জন্মশতবর্ষ উদযাপনে উপদেষ্টা কমিটি।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতে উচ্চপর্যায়ের উপদেষ্টা কমিটি গঠন করল রাজ্য সরকার। এক বছরব্যাপী এই উদযাপনের মাধ্যমে মহানায়কের জীবন, কর্ম এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই হবে কমিটির মূল লক্ষ্য।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সভাপতির দায়িত্বে থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সন্দীপ রায়। কার্যকরী সভাপতি করা হয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. সৌমিত্র মোহন। গোটা বছরব্যাপী উদযাপনের পরিকল্পনা, বিভিন্ন কর্মসূচির সমন্বয় এবং বাস্তবায়নের ক্ষেত্রে তাঁর নেতৃত্বে প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তথ্য ও সংস্কৃতি দফতর।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন অভিনেতা জিৎ মদনানি, দেব (দীপক অধিকারী), আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলী, গৌরব চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, চিত্রগ্রাহক সৌমিক হালদার, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত কুণ্ডু এবং প্রেমেন্দু বিকাশ চাকী।

রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছর ধরে মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে চলচ্চিত্র উৎসব, তাঁর অভিনীত ছবির বিশেষ প্রদর্শনী, আলোচনা সভা, স্মারক প্রকাশ, প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। পাশাপাশি বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অসামান্য অবদান সম্পর্কে নতুন প্রজন্মকে পরিচিত করে তুলতে বিশেষ উদ্যোগ নেবে এই উপদেষ্টা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *