জাতীয় সড়কে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, মালদায় গ্রেফতার ৩ দুষ্কৃতী।

মালদা, নিজস্ব সংবাদদাতা : পুরাতন মালদার নারায়ণপুর চাকি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে বড়সড় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় পুলিশকে দেখে দলের কয়েকজন সদস্য অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকেই তিনজনকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। ধৃতদের বাড়ি মালদা ও কালিয়াচক থানা এলাকায় বলে জানা গিয়েছে।
ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র, নাইলনের দড়ি এবং একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, জাতীয় সড়কে ডাকাতির উদ্দেশ্যেই ওই দুষ্কৃতীরা সেখানে জড়ো হয়েছিল।
ঘটনায় মামলা রুজু করে বৃহস্পতিবার ধৃত তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *