
নিজস্ব সংবাদদাতা: খুঁটিপুজোর মাধ্যমে এ বছরের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চলতি বছরে দুর্গোৎসব আয়োজন না করার সিদ্ধান্ত নিল ২০’র পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে।
কমিটির তরফে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়েছে, গত ২৯ জুলাই ২০২৬ এ বছরের দুর্গাপুজো সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। সেই বৈঠকেই সর্বসম্মতিক্রমে চলতি বছরে পুজো না করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট বিধায়িকার অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও কমিটির ঘোষণায় উল্লেখ করা হয়েছে।
পুজো কমিটির বক্তব্য, “কিছু ব্যক্তি ও বর্তমান পারিপার্শ্বিক চাপের কারণে” এ বছর দুর্গাপুজোর আয়োজন থেকে সরে দাঁড়াতে তারা বাধ্য হয়েছেন। তবে এই সিদ্ধান্ত সম্পূর্ণ অনিচ্ছাকৃত বলেই জানিয়েছে কমিটি।
কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, দুর্গাপুজো না করার এই সিদ্ধান্তের জন্য এলাকাবাসী, শুভানুধ্যায়ী এবং পুজোর সঙ্গে যুক্ত সকলের কাছে তারা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। খুঁটিপুজোর পর থেকেই যাঁরা পুজোকে ঘিরে প্রত্যাশা ও প্রস্তুতি শুরু করেছিলেন, তাঁদের কাছেও এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই হতাশাজনক।
খুঁটিপুজোর পর শেষ পর্যন্ত দুর্গোৎসব বাতিলের সিদ্ধান্ত ঘিরে এলাকায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কী ধরনের পরিস্থিতি বা চাপের কারণে এই সিদ্ধান্ত নিতে হল, সে বিষয়ে অবশ্য কমিটির ঘোষণায় বিস্তারিত কিছু জানানো হয়নি।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এই কঠিন এবং অনিচ্ছাকৃত সিদ্ধান্ত নিতে হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে পরিস্থিতি অনুকূল হলে ফের উৎসবের আয়োজন করা সম্ভব হবে—এমন প্রত্যাশাও রয়েছে পুজোপ্রেমী এলাকাবাসীর মধ্যে।












Leave a Reply